৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। জেলাটিতে দায়িত্ব পালন করছেন ৫৬ প্লাটুন বিজিবি সদস্য। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্যকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
জেলা ও এলাকাভিত্তিক এই হিসাব অনুযায়ী বর্তমানে মোট ১০৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে আরও চার প্লাটুন প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে মোতায়েন ও প্রস্তুত রাখা সদস্যের সংখ্যা ১১৩ প্লাটুন।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে বাড়তি নজরদারি
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
ড্রোন ও বডি ক্যামেরায় চলছে সার্বক্ষণিক নজরদারি
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছেন সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।
সোহাগ/
