মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল
ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে শুরু করে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ, জিতেছেন ফুটবলের প্রায় সব বড় শিরোপা। তবে ছোটবেলায় স্কুলের পড়াশোনায় কেমন ছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর সপ্তম শ্রেণির একটি পুরোনো মার্কশিট ঘিরে সেই প্রশ্নই আবার আলোচনায় এসেছে।
মার্কশিটে কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন মেসি?
ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। ওই সময়ের একটি নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে মার্কশিটটি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা জানা যায়নি। একই সঙ্গে এটি কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮ এবং নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি বিষয়ে তাঁর নম্বর ছিল ৬ করে।
অর্থাৎ, শারীরিক শিক্ষায় সবার চেয়ে এগিয়ে থাকলেও অন্যান্য বিষয়ে তাঁর ফলাফল ছিল তুলনামূলকভাবে সাধারণ মানের।
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল ঝোঁক
মেসির শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার বিষয়টি খুব একটা অবাক করার মতো নয়। কারণ, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। স্কুলে পড়ার সময়ই শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পড়াশোনায় খুব উজ্জ্বল না হলেও খেলাধুলার ক্ষেত্রে মেসির বিশেষ প্রতিভার বিষয়টি শিক্ষকদের নজরে এসেছিল।
শিক্ষকদের চোখে শান্ত ও লাজুক মেসি
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক স্বভাবের শিক্ষার্থী হিসেবে বর্ণনা করেছিলেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসি ক্লাসে খুব বেশি কথা বলতেন না বা অংশ নিতেন না। কিন্তু ফুটবল খেলতে মাঠে নামলেই তাঁর আচরণ বদলে যেত।
শিক্ষকের ভাষ্য অনুযায়ী, মাঠে নামার পরই দেখা যেত অন্য এক লিওকে, যাকে আজ সারা বিশ্ব চেনে।
মেসির প্রথম শ্রেণির শিক্ষক ও স্কুলটির সহকারী প্রধান শিক্ষক মনিকা দোমিনাও তাঁর শান্ত স্বভাব এবং ফুটবলের প্রতি ভালোবাসার কথা স্মরণ করেছেন। তাঁর মতে, মেসির অনেক বন্ধু ছিল। সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হওয়ার পর কে আগে মাঠে পৌঁছাতে পারে, তা নিয়েও বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলত।
নিজেই বলেছিলেন, ভালো ছাত্র ছিলেন না
রোজারিওতে নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি একবার জানিয়েছিলেন, তিনি কখনোই ভালো ছাত্র ছিলেন না। এমনকি বাড়ির কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন।
তবে পড়াশোনায় সাধারণ ফলাফল কখনোই তাঁর ফুটবলের স্বপ্নকে থামাতে পারেনি। শৈশব থেকেই খেলাটির প্রতি একাগ্রতা, অনুশীলন ও প্রতিভার সমন্বয়ে ধীরে ধীরে নিজেকে বিশ্বসেরা পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পুরোনো মার্কশিটের ছবিটি আবারও তাঁর স্কুলজীবন নিয়ে কৌতূহল তৈরি করেছে। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছে, জীবনের সাফল্যের পথ সবার জন্য এক রকম হয় না।
আয়শা/
