বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক জয় মেহতা নিজের মালিকানাধীন ২২.৫ শতাংশ শেয়ার যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন বলে খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এই লেনদেনের মূল্য ধরা হয়েছে ৪০ কোটি মার্কিন ডলার।
প্রতিবেদন অনুযায়ী, সম্পূর্ণ নগদ অর্থে শেয়ার বিক্রির চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে। এই লেনদেনের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্সের মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।
কেকেআরের মালিকানায় কার কত শেয়ার?
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ৫৫ শতাংশ মালিকানা রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে। অন্যদিকে জয় মেহতার মালিকানায় রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। নতুন চুক্তি অনুযায়ী, জয় নিজের শেয়ারের অর্ধেক অর্থাৎ কেকেআরের ২২.৫ শতাংশ মালিকানা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে হস্তান্তর করছেন।
এতে শাহরুখ খানের সংখ্যাগরিষ্ঠ মালিকানা অপরিবর্তিত থাকবে। জুহি চাওলাও ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক হিসেবে যুক্ত থাকবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তির নিয়ম অনুযায়ী বিক্রয়মূল্যের ৫ শতাংশ বিসিসিআই পাবে। এই হিসাবে সংস্থাটির প্রাপ্তির পরিমাণ হবে প্রায় ২ কোটি মার্কিন ডলার।
২০০৭ সালে যেভাবে যাত্রা শুরু কেকেআরের
২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলা হয়। সে সময় শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা একত্র হয়ে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কাঠামো গড়ে তোলেন। তাঁদের উদ্যোগে গঠিত হয় ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’।
এরপর থেকে আইপিএলের অন্যতম পরিচিত ও আলোচিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নেয় কেকেআর।
কেকেআরে বিনিয়োগ করছে অ্যারেস ম্যানেজমেন্ট
অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিশ্ব ক্রীড়াঙ্গনের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে সংস্থাটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল মায়ামি ডলফিনসের সঙ্গে তাদের বিনিয়োগ-সম্পৃক্ততা রয়েছে। কেকেআরে বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটেও তাদের উপস্থিতি আরও বাড়বে।
এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টি লিগের দল ট্রেন্ট রকেটসের সহ-মালিক অ্যারেস ম্যানেজমেন্ট।
আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজির মূল্য কত?
আইপিএলের দলগুলোর মালিকানা ও বাজারমূল্য নিয়ে সাম্প্রতিক সময়ে বড় অঙ্কের লেনদেন হয়েছে। রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের মূল্য ছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপি। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি।
আর গুজরাট টাইটান্সের মালিকানা ২০২২ সালে অধিগ্রহণ করে সিভিসি ক্যাপিটাল। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে কেকেআরের শেয়ার বিক্রির এই খবর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কাঠামোয় নতুন বিনিয়োগকারী যুক্ত হবেন, যদিও শাহরুখ খানের সংখ্যাগরিষ্ঠ মালিকানা বজায় থাকবে।
আয়শা/
