এবার মাঠে নামছে জামাত
নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। এ কর্মসূচি সফল করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
গণভোটের রায় অগ্রাহ্য করার অভিযোগ জামায়াতের
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ
গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের সময়ে এ ধরনের ঘটনা কাম্য নয়।
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলছেন। সরকারের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাষ্ট্রপতির ভূমিকা চাইলেন মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ভারত প্রসঙ্গেও বক্তব্য
সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত একজন পলাতক আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে পার্শ্ববর্তী দেশটির সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে সামরিক বিমান পাঠানোর বক্তব্যেরও নিন্দা জানান তিনি।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হওয়া উচিত নয়।
২১ নভেম্বরের কর্মসূচির মধ্য দিয়ে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ জানাতে চায় জামায়াতে ইসলামী।
সোহাগ/
