‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা অফিস আদেশে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় কর্মরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত অবস্থায়ও পাবেন খোরপোশ ভাতা
অফিস আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন রফিকুল আলম। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে কী ছিল?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছিলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন এই কর্মকর্তা। তিনি দাবি করেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা রয়েছে তার। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি।
এদিকে, সাময়িক বরখাস্তের বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
সোহাগ/
