টুঙ্গিপাড়া থানায় হামলা: ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ৮ হাজার ২৬ জনকে। তাঁদের মধ্যে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতপরিচয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
এর আগে গত ২২ নভেম্বর থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে
মামলার এজাহারে নাম উল্লেখ করা ২৬ জনের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আরও কয়েকজন।
থানায় হামলা ও অস্ত্র লুটের অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়।
এ সময় খুনের উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করার অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি গাড়িসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তালিকা
মামলার বিবরণীতে অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
-
একটি এলএমজি ও ১০০ রাউন্ড গুলি
-
আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি
-
১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ
-
দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল
-
আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি
-
একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি
-
তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি
এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ সব মিলিয়ে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।
এখনো গ্রেপ্তার নেই কেউ
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্ত চললেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
সোহাগ/
