সয়াবিন তেলের দাম বাড়ল, এখন প্রতি লিটার কত
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের প্রতি লিটারে ৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সয়াবিন ও পাম তেলের নতুন দাম
বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে এভাবে:
- বোতলজাত সয়াবিন তেল: প্রতি লিটার ২০৭ টাকা। আগে ছিল ২০৪ টাকা।
- ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল: ১ হাজার ১৫ টাকা। আগে ছিল ১ হাজার টাকা।
- খোলা সয়াবিন তেল: প্রতি লিটার ১৮৮ টাকা। আগে ছিল ১৮৫ টাকা।
- খোলা পাম তেল: প্রতি লিটার ১৬৬ টাকা। দাম অপরিবর্তিত রয়েছে।
অর্থাৎ, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়লেও পাম তেলের দাম আগের মতোই রাখা হয়েছে।
কেন বাড়ল সয়াবিন তেলের দাম?
সভায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব তথ্য বিবেচনা করে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি।
এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
রমজানের আগে সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ
আসন্ন রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।
ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।
বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত ঠেকাতে নির্দেশনা
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে তেল মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিদ্দিকা/
