প্রজনন হারে শীর্ষে ভোলা, কম যে জেলায়
বাংলাদেশের জেলাভিত্তিক প্রজনন হার ও বাল্যবিবাহের চিত্রে বড় ধরনের বৈষম্য উঠে এসেছে নতুন এক জরিপে। দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হারে শীর্ষে রয়েছে বরিশালের ভোলা। জেলাটিতে নারীদের মোট প্রজনন হার ৩ দশমিক ৫০। বিপরীতে সবচেয়ে কম প্রজনন হার খুলনার বাগেরহাটে, মাত্র ১ দশমিক ৫০।
অন্যদিকে, বাল্যবিবাহের হারে দেশের সব জেলাকে ছাড়িয়ে গেছে জয়পুরহাট। জেলাটিতে ১৮ বছরের আগেই বিয়ে হয়েছে এমন নারীর হার ৭৩ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।
দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তথ্যের ভিত্তিতে প্রজনন হারের হিসাব করা হয়েছে।
প্রজনন হারে দেশের শীর্ষে ভোলা
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। তবে ভোলায় এই হার ৩ দশমিক ৫০, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি।
প্রজনন হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর। জেলাটিতে এ হার ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
অন্যদিকে, সবচেয়ে কম প্রজনন হার বাগেরহাটে, ১ দশমিক ৫০। এরপর রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় প্রজনন হার ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০। গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে প্রজনন হার ১ দশমিক ৯০।
কোন বিভাগে প্রজনন হার কত?
বিভাগভিত্তিক হিসাবেও প্রজনন হারে পার্থক্য দেখা গেছে। সবচেয়ে বেশি প্রজনন হার বরিশাল বিভাগে, ২ দশমিক ৬০। আর সবচেয়ে কম খুলনা বিভাগে, ২ দশমিক ০০।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে প্রজনন হার ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।
বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট
প্রজনন হারের পাশাপাশি বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক বড় ব্যবধান উঠে এসেছে বিবিএসের প্রতিবেদনে।
জাতীয় পর্যায়ে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বাল্যবিবাহের হার জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ।
এরপর রয়েছে চুয়াডাঙ্গা, যেখানে এ হার ৬৭ দশমিক ৯ শতাংশ। ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ এবং যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ।
এ ছাড়া টাঙ্গাইলে বাল্যবিবাহের হার ৬১ দশমিক ১ শতাংশ, মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ, বগুড়ায় ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ।
বাল্যবিবাহ সবচেয়ে কম সিলেটে
দেশের মধ্যে সবচেয়ে কম বাল্যবিবাহের হার সিলেট জেলায়। সেখানে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ে হওয়ার হার ১২ দশমিক ৮ শতাংশ।
এ ছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এ হার ২৪ দশমিক ৪ শতাংশ, হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ এবং চট্টগ্রামে ২৯ শতাংশ।
মাতৃ ও শিশুস্বাস্থ্যেও রয়েছে জেলাভিত্তিক বৈষম্য
প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা এবং শিশু সুরক্ষার ক্ষেত্রেও বিভিন্ন জেলার মধ্যে ব্যবধানের চিত্র উঠে এসেছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা এবং প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির ক্ষেত্রে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা তুলনামূলক পিছিয়ে রয়েছে।
সামগ্রিকভাবে জরিপের ফলাফল বলছে, দেশের বিভিন্ন জেলায় প্রজনন হার, বাল্যবিবাহ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এসব সূচকে উন্নতি আনতে অঞ্চলভিত্তিক সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।
সোহাগ/
