ওয়ারিশ সনদ তুলতে কী কী কাগজ লাগে, অনলাইনে আবেদনের নিয়ম জানুন
পরিবারের কোনো সদস্য মারা গেলে তাঁর রেখে যাওয়া জমি, বাড়ি কিংবা অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী কারা, তা প্রমাণের জন্য প্রয়োজন হয় ওয়ারিশ সনদ। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নামজারি, সম্পত্তি বণ্টন, পেনশন বা বিভিন্ন আর্থিক দাবি নিষ্পত্তির মতো কাজে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করতে হয়, আবেদন করতে কী কী কাগজপত্র লাগে কিংবা ঘরে বসে অনলাইনে আবেদন করা যায় কি না, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আবার সনদে কোনো বৈধ উত্তরাধিকারীর নাম বাদ পড়লে ভবিষ্যতে সম্পত্তির মালিকানা ও বণ্টন নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
বাংলাদেশে সাধারণত মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কার্যালয় থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করা যায়। কিছু এলাকায় সরকারের প্রত্যয়ন ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক, ওয়ারিশ সনদ কী, কোথা থেকে পাবেন, কী কী কাগজপত্র লাগবে এবং অনলাইনে আবেদন করবেন যেভাবে।
ওয়ারিশ সনদ কী, কেন প্রয়োজন?
ওয়ারিশ সনদ বা ওয়ারিশান সনদ হলো মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের নাম, পরিচয় ও তাঁর সঙ্গে সম্পর্ক উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া একটি প্রত্যয়নপত্র।
সনদে সাধারণত মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর তথ্যের পাশাপাশি উত্তরাধিকারীদের নাম, বয়স, ঠিকানা এবং সম্পর্ক উল্লেখ থাকে। এর মাধ্যমে মৃত ব্যক্তির উত্তরাধিকারী কারা, তা শনাক্ত করা যায়।
সাধারণত যেসব কাজে ওয়ারিশ সনদ প্রয়োজন হতে পারে:
-
উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নিজের নামে নামজারি করতে।
-
উত্তরাধিকারীদের মধ্যে জমি বা সম্পত্তি বণ্টনের কাজে।
-
পেনশন, ভাতা কিংবা অন্যান্য পাওনা গ্রহণে।
-
মৃত ব্যক্তির বিভিন্ন আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তিতে।
-
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তরাধিকারী পরিচয় প্রমাণ করতে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ওয়ারিশ সনদে কারা উত্তরাধিকারী, তা উল্লেখ থাকে। কে কতটুকু সম্পত্তি পাবেন, সেটি এই সনদে নির্ধারণ করা হয় না। সম্পত্তির ভাগ নির্ধারিত হয় প্রযোজ্য উত্তরাধিকার আইন অনুযায়ী।
ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করবেন?
মৃত ব্যক্তি যে এলাকার বাসিন্দা ছিলেন, সাধারণত সেই এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যোগাযোগ করে ওয়ারিশ সনদের জন্য আবেদন করতে হয়।
ইউনিয়ন পরিষদ: গ্রামাঞ্চলের বাসিন্দাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদন করতে হবে।
পৌরসভা: পৌর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পৌরসভা কার্যালয়ে আবেদন করতে পারবেন।
সিটি করপোরেশন: সিটি করপোরেশন এলাকায় বসবাসকারীদের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
তবে সব এলাকায় আবেদন ও সনদ দেওয়ার প্রক্রিয়া এক নয়। বিশেষ করে সিটি করপোরেশনের ক্ষেত্রে কোন কার্যালয় থেকে আবেদন করতে হবে, তা আগে জেনে নেওয়া ভালো।
ওয়ারিশ সনদ তুলতে যেসব কাগজপত্র লাগে
ওয়ারিশ সনদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও এলাকার নিয়ম অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণত নিচের কাগজপত্র ও তথ্যগুলো হাতের কাছে রাখা ভালো।
১. মৃত্যু নিবন্ধন সনদ: মৃত ব্যক্তির মৃত্যুর তথ্য প্রমাণের জন্য।
২. মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র: এনআইডি কার্ডের ফটোকপি। এনআইডি না থাকলে পরিচয়সংক্রান্ত বিকল্প তথ্য বা প্রযোজ্য কাগজপত্র লাগতে পারে।
৩. ওয়ারিশদের এনআইডি: জীবিত প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও প্রয়োজনীয় তথ্য।
৪. জন্মনিবন্ধন সনদ: অপ্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীসহ যাঁদের এনআইডি নেই, তাঁদের জন্মনিবন্ধন নম্বর ও তথ্য।
৫. আবেদনকারীর ছবি: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। অনলাইন আবেদনের ক্ষেত্রেও ছবি চাওয়া হতে পারে।
৬. সব উত্তরাধিকারীর তালিকা: মৃত ব্যক্তির প্রত্যেক বৈধ উত্তরাধিকারীর নাম, বয়স, ঠিকানা ও সম্পর্কের বিবরণ।
৭. ঠিকানার প্রমাণ: প্রয়োজনে নাগরিকত্ব সনদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ বা ঠিকানা-সংক্রান্ত অন্য কাগজপত্র।
৮. স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন: কোনো কোনো এলাকায় ওয়ার্ড সদস্য, কাউন্সিলর বা স্থানীয় প্রতিনিধির সুপারিশ কিংবা সাক্ষীর তথ্য প্রয়োজন হতে পারে।
জমিসংক্রান্ত কাজে ওয়ারিশ সনদ ব্যবহার করতে চাইলে জমির দলিল, খতিয়ান বা সংশ্লিষ্ট সম্পত্তির তথ্যও হাতের কাছে রাখতে পারেন। তবে এগুলো সব ক্ষেত্রে ওয়ারিশ সনদ আবেদনের বাধ্যতামূলক কাগজ নয়।
ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে
ওয়ারিশ সনদ পেতে সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কার্যালয়ে আবেদন করা যায়। সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।
প্রথম ধাপ: আবেদন ফরম সংগ্রহ
সংশ্লিষ্ট কার্যালয় থেকে ওয়ারিশ সনদের আবেদন ফরম সংগ্রহ করুন। কোনো কোনো প্রতিষ্ঠানে নির্ধারিত ফরমের পরিবর্তে সাদা কাগজেও আবেদন নেওয়া হতে পারে।
দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্য পূরণ
আবেদনপত্রে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ, মৃত্যু নিবন্ধনের তথ্য এবং সব উত্তরাধিকারীর নাম, বয়স, পরিচয় ও সম্পর্ক উল্লেখ করুন।
তৃতীয় ধাপ: কাগজপত্র জমা
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বা কাউন্সিলরের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সেই প্রক্রিয়াও সম্পন্ন করুন।
চতুর্থ ধাপ: তথ্য যাচাই
সংশ্লিষ্ট কর্মকর্তা বা জনপ্রতিনিধি আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবেন। প্রয়োজনে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হতে পারে। তথ্য সঠিক পাওয়া গেলে আবেদন অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
পঞ্চম ধাপ: সনদ সংগ্রহ
আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ফি পরিশোধ করে সনদ সংগ্রহ করুন। সনদ হাতে পাওয়ার পর মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং প্রত্যেক উত্তরাধিকারীর নাম ও পরিচয় ভালোভাবে মিলিয়ে নিন।
অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে
সরকারের প্রত্যয়ন ওয়েবসাইটের মাধ্যমে কিছু এলাকার নাগরিকেরা অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: https://prottoyon.gov.bd
এই প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি দুই ভাষায় ওয়ারিশ সনদের আবেদন করার ব্যবস্থা রয়েছে। তবে দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন এখনো এই সেবার আওতায় আসেনি।
অনলাইনে আবেদন করতে সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. প্রথমে প্রত্যয়ন ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নাগরিক হিসেবে নিবন্ধন করে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন।
৩. মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
৪. ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ঠিকানা ও অন্যান্য সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করুন। ওয়ারিশ সনদের আবেদন করতে প্রোফাইল ১০০ শতাংশ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
৫. সেবার তালিকা থেকে ‘ওয়ারিশ সনদ’ নির্বাচন করুন।
৬. মৃত ব্যক্তির তথ্য এবং জীবিত উত্তরাধিকারীদের পরিচয়সংক্রান্ত তথ্য পূরণ করুন।
৭. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দিন।
৮. আবেদন জমা দেওয়ার পর সেটির অবস্থা বা আপডেট ওয়েবসাইটে যাচাই করুন।
আবেদনটি সংশ্লিষ্ট চেয়ারম্যান বা কাউন্সিলর কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তথ্য যাচাই ও অনুমোদনের পর সনদ পাওয়া যায়। অর্থাৎ, শুধু অনলাইনে আবেদন করলেই সনদ তৈরি হয়ে যায় না।
প্রত্যয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবেদনকারী ও জীবিত উত্তরাধিকারীদের এনআইডি বা জন্মনিবন্ধন-সংক্রান্ত তথ্য প্রয়োজন হতে পারে। তবে আবেদন করার আগে নিজের এলাকার সেবা চালু আছে কি না, তা ওয়েবসাইটে যাচাই করে নেওয়া জরুরি।
ওয়ারিশ সনদ তুলতে কত টাকা লাগে, কত দিন সময় লাগে?
ওয়ারিশ সনদ সংগ্রহের ফি এবং সনদ পেতে কত দিন লাগবে, তা সব এলাকায় এক নয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নিজস্ব সিটিজেন চার্টার অনুযায়ী ফি ও সময় নির্ধারিত হতে পারে।
তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে সনদের ফি, প্রয়োজনীয় কাগজপত্র এবং সম্ভাব্য সময় জেনে নিন। কোনো টাকা জমা দিলে অবশ্যই রসিদ সংগ্রহ করবেন।
ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট কি এক?
না, ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট এক ধরনের নথি নয়।
ওয়ারিশ সনদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের পরিচয় ও তাঁদের সঙ্গে মৃত ব্যক্তির সম্পর্ক উল্লেখ থাকে।
অন্যদিকে, সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ দেওয়ানি আদালতের মাধ্যমে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় পাওয়া যায়। মৃত ব্যক্তির ব্যাংক আমানত, শেয়ার বা নির্দিষ্ট আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে।
তাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মৃত ব্যক্তির সম্পদ দাবি করার আগে কোন ধরনের সনদ প্রয়োজন, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে জেনে নেওয়া উচিত।
ওয়ারিশ সনদ করার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ওয়ারিশ সনদে কোনো তথ্য ভুল থাকলে ভবিষ্যতে জমির নামজারি, সম্পত্তি বণ্টন কিংবা আর্থিক দাবি নিষ্পত্তিতে সমস্যা হতে পারে। তাই আবেদন করার সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
-
মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম তালিকায় রাখুন।
-
নাম, জন্মতারিখ, এনআইডি ও জন্মনিবন্ধনের তথ্য মিলিয়ে নিন।
-
কোনো উত্তরাধিকারীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেবেন না।
-
মৃত ব্যক্তির মৃত্যুর তথ্য ও পরিচয় সঠিকভাবে উল্লেখ করুন।
-
সনদ হাতে পাওয়ার পর সব তথ্য আবার যাচাই করুন।
-
ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করে সংশোধনের ব্যবস্থা নিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। কাউকে বাদ দিয়ে সনদ তৈরি করলে ভবিষ্যতে সম্পত্তির মালিকানা ও বণ্টন নিয়ে বিরোধ তৈরি হতে পারে। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করে সনদ সংগ্রহ করুন।
সোহাগ/
