দেশের ১৭ জেলায় তাপমাত্রা নামবে ১২° সেলসিয়াসের নিচে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৭টি জেলার কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক বার্তায় আবহাওয়া পর্যবেক্ষণ দলটি এই তথ্য নিশ্চিত করে।
আজ রাত থেকে শুরু করে আগামী ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা এই মাত্রায় নামার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে দেশের অধিকাংশ এলাকার রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও দিনের তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে দিনে শীতের অনুভূতি তেমন তীব্র হবে না।
ঠান্ডা ও গরমের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকেই ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগতে পারেন। তাই এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।
আশা/
