সেনাবাহিনীর গাড়িতে হামলা, ২ সেনার প্রাণহানি
ভারতের জম্মু ও কাশ্মীরের গুলমার্গে সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ২ ভারতীয় সেনা ও ২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের গুলমার্গ এলাকায় হামলার ঘটনা ঘটে, তবে ভারতীয় সেনাবাহিনী এখনও এ ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এছাড়া, হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুলমার্গের বোটাপাথ এলাকায় এই হামলা হয়। এর আগে জম্মু ও কাশ্মীরের গানডেরবাল জেলায় এক শ্রমিককে গুলি করার ঘটনায় অশান্তি শুরু হয়েছিল, যা পরে সেনাবাহিনীর গাড়িতে হামলায় রূপ নেয়।
কাশ্মীরের পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল, কারণ মাত্র তিন দিন আগে সেখানে ছয়জন নির্মাণশ্রমিক ও একজন চিকিৎসককে হত্যা করা হয়। এর আগে ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিকও জঙ্গিদের হাতে প্রাণ হারান। নিহত শ্রমিকের নাম অশোক চৌহান, তিনি অনন্তনাগের সঙ্গম এলাকায় বসবাস করতেন।
