নতুন পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কী আলোচনা হলো? জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বাংলাদেশ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দেশের অর্থনৈতিক সংস্কার, নতুন ঋণ কর্মসূচি এবং আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকরা নবম জাতীয় পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানান, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, “আজকের বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।”
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের আর্থিক খাতের সংস্কার, কর আদায়ে প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কারের সময়, ধাপ এবং বাস্তবায়ন কৌশল সরকারই নির্ধারণ করবে। এ বিষয়ে আইএমএফও সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়েছে।
নতুন ঋণ কর্মসূচি প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ কয়েকটি ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে, যা সরকার পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করছে।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নতুন ঋণ কর্মসূচির কাঠামো চূড়ান্ত করা সম্ভব হবে এবং তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সিদ্দিকা/
