বঙ্গোপসাগরে লঘুচাপ: টানা ৩ দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা দিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
পরবর্তী দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তবে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের পরিধি আরও বাড়তে পারে। এদিন ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এ সময়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোহাগ/
