| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ভারতের ভিসায় নতুন নিয়ম, ৯ শ্রেণিতে থাকছে যেসব সুবিধা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১২ ২১:৫১:১১
ভারতের ভিসায় নতুন নিয়ম, ৯ শ্রেণিতে থাকছে যেসব সুবিধা

ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। ভিসার আবেদনপ্রক্রিয়া সহজ করা এবং বিভিন্ন ভ্রমণ উদ্দেশ্যের মধ্যে সমন্বয় আনতে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণির সংখ্যা ৪৯টি থেকে নামিয়ে আনা হয়েছে ২৩টিতে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘরও প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ, এই ৯ শ্রেণিতে ভিসা দেওয়া হবে।

গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কাঠামোর বিস্তারিত ঘোষণা দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল।

ট্যুরিস্ট ভিসার বদলে ভিজিটর ভিসা

নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। এই শ্রেণিতে ভি-১ ও ভি-২ নামে দুটি ভিসা থাকবে।

ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে এই ভিসা ব্যবহার করা যাবে।

অন্যদিকে, আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এতে ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসায় থাকছে আলাদা সুবিধা

চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের ক্ষেত্রে নতুন কাঠামোয় দুটি শ্রেণি রাখা হয়েছে। আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ ভিসা। অন্যান্য চিকিৎসার জন্য দেওয়া হবে এম-১ ভিসা।

উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর হবে এবং একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। চিকিৎসার জন্য সঙ্গে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীর সহকারীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীর সহকারীরা এম-৪ ভিসা পাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবাভিত্তিক পর্যটন বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী ভিসায় পড়াশোনা ও গবেষণার সুযোগ

শিক্ষার্থীদের জন্য নতুন নিয়মে এস-১ ও এস-২ নামে দুটি শ্রেণি রাখা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করা যাবে। আর এস-২ ভিসায় পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পেতে পারেন। এর মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাক্রমের মেয়াদ পর্যন্ত হবে, যেটি কম। এই ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

এ ছাড়া যোগব্যায়াম, ভারতীয় সংগীত ও নৃত্য, বৈদিক সংস্কৃতি এবং বৌদ্ধধর্মবিষয়ক পড়াশোনাও শিক্ষার্থী ভিসার আওতায় থাকবে।

ব্যবসায়িক ভিসায় নতুন দুই শ্রেণি

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ নামে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম ও ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠার জন্য বি-১ ভিসা দেওয়া হবে।

অন্যদিকে, স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য থাকবে বি-২ ভিসা।

ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, মান যাচাই, উৎপাদন, তথ্যপ্রযুক্তি সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের কাজে যুক্ত বিদেশি কারিগরি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও দক্ষ পেশাজীবীরা বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাবেন। আগে এই ভিসা ই-বি৪ শ্রেণিতে দেওয়া হতো।

কূটনীতিক, সাংবাদিক ও চাকরিজীবীদের জন্য আলাদা ভিসা

নতুন কাঠামোয় কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য কূটনৈতিক ভিসা রাখা হয়েছে। স্বীকৃত সাংবাদিকদের জন্য থাকবে সাংবাদিক ভিসা।

ভারতের বিভিন্ন কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা কর্মসংস্থান ভিসার আওতায় পড়বেন। অন্যদিকে, জাতিসংঘের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যসহ অ-কূটনৈতিক সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে সরকারি ভিসা।

ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী বা স্ত্রী ও সন্তান, বিদেশি নাগরিকদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীরা বিবিধ ভিসার আওতায় আবেদন করতে পারবেন।

কবে থেকে চালু হবে নতুন ভিসা ব্যবস্থা?

দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণিতে আনার ফলে আবেদনকারীদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

নতুন ব্যবস্থা চালুর জন্য তথ্যপ্রযুক্তি ব্যবস্থাও হালনাগাদ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হলে ভারত ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসার উদ্দেশ্যে সঠিক ভিসা শ্রেণি নির্বাচন করা আগের তুলনায় সহজ হতে পারে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার তারিখ, আবেদনপদ্ধতি ও বাংলাদেশিদের জন্য প্রযোজ্য শর্ত সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করা জরুরি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...