মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ!
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা ও স্থান-কালীন মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে দেশটির সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাঁকেও আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে।
তবে ঘটনাটি সম্পর্কে বাংলাদেশি কর্তৃপক্ষের বক্তব্য, দুই নাগরিকের পারিবারিক পরিচয় এবং তাঁদের আইনি সহায়তা পাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।
সিদ্দিকা/
