কপ-৩১ সম্মেলনে তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ ছাড়, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আরও ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তার ওপরও জোর দেন তিনি।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রস্তাবগুলো হলো—
১. জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে ব্যয় করার প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
২. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের ঋণ ছাড়: এসব দেশের জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের চাপ এসব দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলছে।
৩. পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার: উন্নয়নশীল দেশগুলো যাতে সহজে আধুনিক জলবায়ুবান্ধব প্রযুক্তি পেতে পারে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা চান।
৪. নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
৫. বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম: কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান তিনি। এ উদ্যোগের ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের কথা উল্লেখ করেন।
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে
ভাষণে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি ও সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং পরিবেশবান্ধব শিল্পের প্রসারেও কাজ চলছে।
দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্য এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির পরিকল্পনার কথা জানান।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান চান প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি বিভিন্ন দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
তাঁর মতে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ প্রয়োজন নেই, প্রয়োজন অনুদান। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
নারী ও তরুণদের অংশগ্রহণে গুরুত্ব
জলবায়ু মোকাবিলার উদ্যোগে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি।
বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বলেন তারেক রহমান।
ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত প্রত্যাশা করেন তিনি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থায়ন ও কার্যকর সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সোহাগ/
