গ্যাসের দাম বাড়েনি: জ্বালানিমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে, এমন অভিযোগ নাকচ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা ও ভর্তুকি দেওয়ার সঙ্গে গ্যাস বা তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
গ্যাসের দাম বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন
সংসদে জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের দরের সঙ্গে সমন্বয় করে গ্যাস ও তেলের দাম নির্ধারণ করা হয়। তবে জনগণের ভোগান্তি কমাতে গত আট মাসে জ্বালানি খাতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
তিনি জানান, নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষের সহায়তায় সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ ও ভর্তুকি দেওয়ার জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
গ্যাস সংকট ও কারখানা বন্ধের প্রসঙ্গ
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা দেশের গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এমনকি গ্যাস সরবরাহ না পেলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।
এ সময় গৃহস্থালি গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকারকে উচ্চমূল্যে গ্যাস আমদানি করতে হচ্ছে।
প্রাকৃতিক গ্যাস ও এলপিজির দামের পার্থক্য
জ্বালানিমন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাসের দাম সরকার এখনো বাড়ায়নি। সংসদ সদস্য সম্ভবত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন।
এলপিজির বাজার ব্যবস্থাপনা সম্পর্কে তিনি জানান, সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই জ্বালানি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরের ভিত্তিতে দাম ঠিক করা হয়। ফলে এলপিজির দাম নির্ধারণে সরকারের সরাসরি ভূমিকা নেই।
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থায়নের জন্য প্রাকৃতিক গ্যাস বা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দাম ও বেসরকারিভাবে আমদানি করা এলপিজির মূল্য নির্ধারণের প্রক্রিয়াও আলাদা।
সোহাগ/
