ঢাকার মিরপুরে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১২ নম্বর কালশী রোডের দেশ পলিটেকনিক কলেজের পাশে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনে আগুন লাগে।
ভিডিও দেখতে (Live)এখানে ক্লিক করুন-
স্থানীয়রা জানান, রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আশা/
