শেষমেষ অবসরেই যাচ্ছেন আশরাফুল, জানুন আসল কারণ
চলতি মৌসুমের পর বাংলাদেশের ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে অবসর নিতে যাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় এই তারকাকে ডিপিএলের আগামী মৌসুমে খেলতে দেখা যাবে না। এমনকি ২০২৩ সালের পর ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই দেখা যাবে না আশরাফুলকে। এটি তিনি ক্রিকফ্রেনজিকে নিশ্চিত করেছেন।
অবসর প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এই মৌসুমের পর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে; সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।’
