২০২৭ সালে কবে শুরু রমজান, ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ১০ মার্চ (বুধবার) উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
তবে রমজান শুরুর দিন ও ঈদুল ফিতরের তারিখ এখনো চূড়ান্ত নয়। ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও শাওয়াল মাসের সূচনা নির্ধারিত হয়। তাই জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখের কিছুটা পার্থক্য হতে পারে।
প্রতি বছর এগিয়ে আসে রমজান
হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। অন্যদিকে ইংরেজি বর্ষপঞ্জি সৌরভিত্তিক হওয়ায় প্রতিবছর আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে পবিত্র রমজান মাস।
সে হিসাবে, ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে রমজান। ফলে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হতে পারে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস।
কবে হতে পারে ঈদুল ফিতর?
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত হয় ঈদুল ফিতরের দিন।
বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে এবং শাওয়ালের চাঁদ কবে দেখা যাবে, তার ওপর ঈদের তারিখ নির্ভর করবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ভিত্তিতে চূড়ান্ত করা হবে। তাই প্রকাশিত তারিখগুলোকে আপাতত সম্ভাব্য পূর্বাভাস হিসেবেই বিবেচনা করতে হবে।
