স্বামীর মৃত্যুর পর নাকফুল ও গয়না পরা কি নিষিদ্ধ
স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে নির্দিষ্ট সময় ইদ্দত পালন করতে হয়। এ সময় পোশাক, সাজসজ্জা ও অলংকার ব্যবহারের বিষয়ে ইসলামে কিছু বিধিনিষেধ রয়েছে। অনেকের মনেই প্রশ্ন থাকে, স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি নাকফুল, কানের দুল, চুড়ি বা অন্যান্য গয়না পরতে পারবেন? ইদ্দত চলাকালে মেহেদি, সুরমা কিংবা সুগন্ধি ব্যবহার করা যাবে কি?
ইসলামী বিধান অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দত পালনকালে সাজসজ্জা ও সৌন্দর্যচর্চা থেকে বিরত থাকা জরুরি। এ বিধানকে ইসলামী পরিভাষায় ‘ইহদাদ’ বা শোকপালন বলা হয়।
স্বামীর মৃত্যুর পর অলংকার পরা যাবে কি?
স্বামীর মৃত্যুর পর ইদ্দত চলাকালে স্ত্রীর জন্য নাকফুল, কানের দুল, চুড়ি, আংটিসহ সব ধরনের অলংকার পরিধান থেকে বিরত থাকা জরুরি। শুধু অলংকার নয়, এ সময় সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে সাজসজ্জা করাও নিষিদ্ধ।
সুনানে আবু দাউদের ২৩০৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, স্বামীর মৃত্যুতে শোক পালনকারী নারী অলংকার পরবেন না, মেহেদি লাগাবেন না এবং সুরমা ব্যবহার করবেন না। একই সঙ্গে বিশেষভাবে রঙিন ও সাজসজ্জার পোশাক পরা থেকেও বিরত থাকতে হবে।
ইদ্দত পালনের সময় যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
ইসলামী ফিকহ অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর ইদ্দত চলাকালে নারীর জন্য সৌন্দর্যচর্চা ও সাজসজ্জার বিভিন্ন উপকরণ ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। এর মধ্যে রয়েছে:
-
নাকফুল, কানের দুল, চুড়ি, আংটিসহ অলংকার পরা।
-
সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে মেহেদি ব্যবহার করা।
-
সাজসজ্জার উদ্দেশ্যে সুরমা ব্যবহার করা।
-
সুগন্ধি ও পারফিউম ব্যবহার করা।
-
সাজসজ্জার উদ্দেশ্যে বিশেষ রঙিন ও আকর্ষণীয় পোশাক পরা।
-
সৌন্দর্যচর্চার উদ্দেশ্যে চুলে তেল ব্যবহার ও সাজানো।
ফকিহ আলাউদ্দিন সামরকন্দী (রহ.) তাঁর ফিকহি আলোচনায় উল্লেখ করেছেন, ইহদাদ বা শোকপালনের অর্থ হলো নারীর সাজসজ্জার উপকরণ ও সৌন্দর্যবর্ধক কাজ থেকে বিরত থাকা। এর মধ্যে সুগন্ধি, অলংকার, মেহেদি, সুরমা ও সাজসজ্জার পোশাক ব্যবহার না করাও অন্তর্ভুক্ত।
ইদ্দত চলাকালে কী ধরনের পোশাক পরা যাবে?
স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালনকারী নারী স্বাভাবিক ও সাধারণ পোশাক পরতে পারবেন। এ জন্য নির্দিষ্ট কোনো রঙের পোশাক পরা বাধ্যতামূলক নয়। তবে সাজসজ্জা বা সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যে আকর্ষণীয় ও ঝলমলে পোশাক পরা থেকে বিরত থাকতে হবে।
কারও কাছে যদি সাধারণ পোশাকের পরিবর্তে শুধু রঙিন পোশাক থাকে, তাহলে তা পরতে অসুবিধা নেই। তবে পোশাক পরার উদ্দেশ্য যেন সাজসজ্জা না হয়।
এ সময় চুলের স্বাভাবিক পরিচ্ছন্নতা ও যত্ন বজায় রাখা যাবে। প্রয়োজন হলে চুল আঁচড়ানোও যাবে। তবে সৌন্দর্যচর্চা বা সাজসজ্জার উদ্দেশ্যে চুল সাজানো থেকে বিরত থাকতে হবে।
স্বামীর মৃত্যুর পর ইদ্দত কত দিন পালন করতে হয়?
ইসলামী বিধান অনুযায়ী, স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে সাধারণত চার মাস ১০ দিন ইদ্দত পালন করতে হয়। এই সময়ের মধ্যে তাকে ইহদাদ বা শোকপালনের বিধান মেনে চলতে হয়।
তবে স্ত্রী গর্ভবতী হলে তাঁর ইদ্দতের মেয়াদ সন্তান প্রসব পর্যন্ত। সন্তান প্রসবের মাধ্যমে তাঁর ইদ্দত শেষ হয়।
ইদ্দতের সময় শেষ হলে নারী আবার স্বাভাবিকভাবে নাকফুল, কানের দুল, চুড়ি ও অন্যান্য অলংকার পরতে পারবেন। একইভাবে মেহেদি, সুরমা ও অন্যান্য সাজসজ্জাও করতে পারবেন।
সুতরাং, স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য ইদ্দত চলাকালে নাকফুলসহ সব ধরনের অলংকার খুলে রাখা এবং সৌন্দর্যচর্চা থেকে বিরত থাকা ইসলামী বিধানের অংশ। তবে পরিচ্ছন্নতা, স্বাভাবিক জীবনযাপন ও প্রয়োজনীয় ব্যক্তিগত যত্ন বজায় রাখতে কোনো বাধা নেই।
সিদ্দিকা/
