এশিয়া কাপ রাইজিং স্টার্সে জায়গা পেলেন সাব্বির
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬ সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তাঁর পাশাপাশি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আরও কয়েকজন পরিচিত মুখ রয়েছেন এই স্কোয়াডে।
৩ নভেম্বর মঙ্গলবার বিসিবির ঘোষিত প্রাথমিক দলে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও জাকির হাসানের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে ১৯ জনকে নিয়ে প্রাথমিক দল সাজানো হয়েছে।
সাব্বির রহমানের সঙ্গে দলে রয়েছেন যারা
বাংলাদেশ ‘এ’ দলের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন:
১. নাঈম শেখ২. মাহমুদুল হাসান জয়৩. ইফতেখার হোসেন ইফতি৪. শাহাদাত হোসেন দিপু৫. ইয়াসির আলী চৌধুরী৬. সাব্বির রহমান৭. মোহাম্মদ পারভেজ হোসেন ইমন৮. ইরফান শুক্কুর৯. সামিউন বসির রাতুল১০. রকিবুল হাসান১১. মো. রুবেল১২. রিপন মণ্ডল১৩. ইকবাল হোসেন ইমন১৪. চৌধুরী মো. রিজওয়ান১৫. মোহাম্মদ সাইফউদ্দিন১৬. মোহাম্মদ জাকির হাসান১৭. আফিফ হোসেন ধ্রুব১৮. এস এম মেহেরব হাসান১৯. আমিনুল ইসলাম বিপ্লব
১৯ নভেম্বর থেকে শুরু এশিয়া কাপ রাইজিং স্টার্স
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে।
বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে
টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। আর ২৯ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।
গত আসরে দারুণ পারফরম্যান্স করে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। এবার নতুন স্কোয়াড নিয়ে শিরোপার লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আয়শা/
