সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন রোনান
নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চোটের কারণে টুর্নামেন্টে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। ফলে জাতীয় দলের মূল দলে অভিষেকের জন্য তাঁকে আরও অপেক্ষা করতে হচ্ছে।
গত ২৪ অক্টোবর রোনান সুলিভানকে নিয়ে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে সাফে খেলার স্বপ্ন দেখছিলেন এই তরুণ ফুটবলার। তবে চোটের কারণে সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না।
জাতীয় দলসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইনজুরির কারণে সাফের দল থেকে ছিটকে গেছেন রোনান। তাঁর পরিবর্তে দলে কাকে নেওয়া হবে, তা নিয়ে এখন ভাবতে হচ্ছে কোচ থমাস ডুলিকে।
এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন রোনান। সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বয়সভিত্তিক দলের হয়ে তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এই ফুটবলার।
রোনানের বাংলাদেশে আসা নিয়েও শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে তাঁর দেশে ফেরা নিয়ে সংশয় ছিল। পরে অবশ্য ছুটি পাওয়ার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছিলেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, ৩ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশে থাকার কথা ছিল রোনানের। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরাতে ১ নভেম্বর রাতের ফ্লাইটের টিকিটও বুক করেছিল বাফুফে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে।
রোনানের অনুপস্থিতি সাফের আগে বাংলাদেশের পরিকল্পনায় নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন তাঁর জায়গায় কাকে দলে নেওয়া হবে, সেটিই দেখার বিষয়।
সিদ্দিকা/
