সৌদি আরবে এসে ইসলাম গ্রহণ, দ্বিতীয়বার ওমরাহ পালন ব্রাজিলের ফুটবলারের
সৌদি আরবের ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ করেছিলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা। এবার দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন ক্যাথলিন সুজা। দেশটিতে প্রায় দেড় বছর থাকার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবারের মতো ওমরাহ পালন করেন। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন এই ফুটবলার।
রিয়াল মাদ্রিদেও খেলেছেন ক্যাথলিন সুজা
ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিন সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি।
নিজের শহরে নারীদের ফুটবলে সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সুজা। সেখানে পড়াশোনার পাশাপাশি কলেজ পর্যায়ের ফুটবলেও অংশ নেন। পরে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।
ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছেন তিনি। ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের আল নাসরে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়।
ইসলাম গ্রহণের পর প্রথমবার ওমরাহ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ক্যাথলিন সুজার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে তাঁর জীবনের নতুন এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওর ক্যাপশনে তাঁর জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়েছিল।
শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেন সুজা। এবার দ্বিতীয়বারের মতো মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওমরাহ পালনের ছবি প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
আল নাসর ছেড়ে আল হিলালে ক্যাথলিন
আল নাসরের হয়ে খেলার পর ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন ক্যাথলিন সুজা। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা থাকা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এখন সৌদি নারী ফুটবলে নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন।
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ইসলাম গ্রহণ এবং পরপর দুবার ওমরাহ পালনের ঘটনাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।
আয়শা/
