২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। আর অনলাইনে আবেদন কার্যক্রম ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রথমে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় আগের সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব বিষয় বিবেচনা করে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
অধ্যাপক ডা. নাজমুল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদনের নির্দিষ্ট সময়, যোগ্যতা, ফি, পরীক্ষার মানবণ্টন ও অন্যান্য শর্ত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়ে কিছু শিক্ষার্থীর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে ওই পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ফলে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই বিষয়টি পরিষ্কার হবে।
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের তাই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্যতা, আবেদন শুরুর তারিখ এবং পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/
