এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, শেষ সময় ৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পুনর্নিরীক্ষণের আবেদন। প্রকাশিত ফলাফলে যারা সন্তুষ্ট নন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নিজেদের উত্তরপত্র পুনরায় যাচাইয়ের সুযোগ নিতে পারবেন।
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী নম্বর না পাওয়ায় ফল পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নিতে পারেন।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, রোববার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন
ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপ: মোবাইল নম্বর প্রদান
পরবর্তী ধাপে শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই নম্বরে এসএমএস পাঠানো হবে।
তৃতীয় ধাপ: বিষয় নির্বাচন
এরপর স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। এক বা একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে।
চতুর্থ ধাপ: আবেদন ফি পরিশোধ
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
ফি পরিশোধের জন্য ব্যবহার করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবা। পেমেন্টের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ অপশনে পাওয়া যাবে।
পঞ্চম ধাপ: আবেদন জমা দিন
ফি পরিশোধ সম্পন্ন হলে আবেদন পোর্টালে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে।
একাধিক বিষয়ে আবেদন করার সুযোগ রয়েছে?
একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করা যাবে। যেসব বিষয়ের জন্য এখনো ফি জমা দেওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা সম্ভব।
তবে একবার ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করলে সংশ্লিষ্ট বিষয় আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না।
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা ও ফি
-
আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬
-
আবেদন পদ্ধতি: অনলাইন
-
প্রতি পত্রের আবেদন ফি: ১৫০ টাকা
-
পেমেন্ট মাধ্যম: বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবা
যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফল নিয়ে সন্তুষ্ট নন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে বিষয় নির্বাচন ও ফি পরিশোধের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়াও জরুরি।
সোহাগ/
