এইচএসসি ২০২৬; ঘরে বসে একক্লিকে দেখুন ফল
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরপরই অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এজন্য শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ ও সময় জানানো হয়েছে। ফল প্রকাশের অনুষ্ঠান ঢাকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে বলে সংশোধিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৩ উপায়ে যেভাবে দেখবেন এইচএসসি ২০২৬-এর ফল
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে নিজেদের ফল জানতে পারবেন। পদ্ধতিগুলো হলো অনলাইন, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
১. অনলাইনে ফল দেখার নিয়ম
ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে এইচএসসি পরীক্ষার ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ফল দেখার ওয়েবসাইট দুটি হলো:
ওয়েবসাইটে প্রবেশের পর পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।
২. মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানার নিয়ম
ইন্টারনেট সংযোগ না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে নিচের নিয়মে লিখতে হবে:
HSC [বোর্ডের প্রথম ৩ অক্ষর] [রোল নম্বর] 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে:
HSC DHA 123456 2026
এরপর ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে। অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ নিজ বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।
৩. কলেজ থেকে ফল সংগ্রহ
শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো EIIN নম্বর ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী নিজের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার নিয়ম, ফি এবং প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করতে হবে। এরপর নির্দেশনা অনুসরণ করে বিষয় নির্বাচন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
ফল প্রকাশের আগে শিক্ষার্থীদের প্রস্তুতি
ফল প্রকাশের সময় ওয়েবসাইটে একসঙ্গে অনেক শিক্ষার্থী প্রবেশ করায় সার্ভারে চাপ তৈরি হতে পারে। ফলে ফল দেখতে সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি বিকল্প হিসেবে এসএমএস পদ্ধতি ব্যবহার করা যাবে।
শিক্ষার্থীদের তাই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের নাম আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। ফল প্রকাশের পর অনলাইন, এসএমএস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই ফল জানা যাবে। আর ফল পুনর্নিরীক্ষণের প্রয়োজন হলে ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সোহাগ/
