এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রোববার, ফি ১৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। কেউ এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, আবার কারও ফল নিয়ে রয়েছে অসন্তোষ। এমন শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আগামী রোববার (১ নভেম্বর) থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আবেদন করার আগে বিষয় নির্বাচন ও ফি পরিশোধের নিয়ম ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেভাবে করবেন ফল পুনর্নিরীক্ষণের আবেদন
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে নির্ধারিত আবেদন পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট ঘরে পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। ড্রপডাউন তালিকা থেকে নিজের শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা পত্রের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। কোনো বিষয় দুই পত্রের হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। অর্থাৎ, দুই পত্রের জন্য মোট ফি হবে ৩০০ টাকা।
যেসব মাধ্যমে ফি দেওয়া যাবে
আবেদনের নির্ধারিত ফি পরিশোধ করা যাবে কয়েকটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং সেবার মাধ্যমে। এর মধ্যে রয়েছে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় এবং সোনালী সেবা।
ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করতে হবে। টাকা জমা দেওয়ার পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হলেই আবেদন চূড়ান্ত হবে।
আবেদন জমা দেওয়ার পর নতুন বিষয় যুক্ত করা যাবে?
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরও নতুন কোনো বিষয় যুক্ত করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আগের মতো একই প্রক্রিয়ায় নতুন বিষয় নির্বাচন করে আবেদন করতে হবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে আগে নির্বাচন করা বিষয়গুলো প্রত্যাহার করে নতুন বিষয় বেছে নেওয়া যাবে।
তবে কোনো বিষয়ের ফি একবার পরিশোধ করা হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। একইভাবে ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয় বাদ দেওয়া বা পরিশোধ করা টাকা ফেরত পাওয়ার সুযোগও নেই।
আবেদনের আগে যেসব বিষয় মনে রাখবেন
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি যে বিষয় বা পত্রের ফল যাচাই করাতে চান, সেটি নির্বাচন করার আগে ভালোভাবে নিশ্চিত হতে হবে।
বিশেষ করে দুই পত্রের বিষয়ে আবেদন করলে উভয় পত্র নির্বাচন করতে হবে। কারণ, নির্ধারিত ফি পরিশোধের পর আবেদন বাতিল বা টাকা ফেরতের সুযোগ থাকবে না।
তাই শেষবারের মতো বিষয় নির্বাচন ও ফি পরিশোধের তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়াই হবে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
সোহাগ/
