Nothing OS 5.0 আপডেট পাচ্ছে Phone 3a ও 4a, নতুন ফিচার যেসব
নিজস্ব প্রতিবেদক: Nothing স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। Nothing OS 5.0, যা Android 17-ভিত্তিক, এখন Phone 3a ও Phone 4a সিরিজের জন্য ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে। নতুন আপডেটে ক্যামেরার উন্নতি, ভিডিও ধারণের বাড়তি সুবিধা, ইন্টারফেসে পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কিছু ফিচার যুক্ত হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম Android Central-এর ৩০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, Nothing পৃথক কমিউনিটি পোস্টের মাধ্যমে Phone 3a ও Phone 4a সিরিজে নতুন আপডেট ছাড়ার বিষয়টি জানিয়েছে। তবে আপডেটটি একসঙ্গে সব ব্যবহারকারীর ফোনে পৌঁছাবে না। ধাপে ধাপে বা ‘স্ট্যাগার্ড’ পদ্ধতিতে আপডেট দেওয়া হচ্ছে। ফলে একই মডেলের কিছু ব্যবহারকারী আপডেট পেলেও অন্যদের অপেক্ষা করতে হতে পারে।
Phone 3a সিরিজে ক্যামেরায় নতুন সুবিধা
Nothing OS 5.0 আপডেটে Phone 3a সিরিজের ক্যামেরায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিডিও তৈরির ক্ষেত্রে নতুন ফিল্টার, টিউনিং এবং Dual-view Video সুবিধা।
নতুন টিউনিং অপশনে সাত ধরনের ইফেক্ট পরিবর্তন করা যাবে। পাশাপাশি প্রয়োজন হলে আগের সেটিংসে ফিরে যাওয়ার জন্য রিসেট অপশনও থাকছে। ছবি ও ভিডিও সম্পাদনার জন্য আপডেট করা হয়েছে এডিটিং প্রিসেট।
Dual-view Video ফিচারের মাধ্যমে একই ভিডিওতে সামনে ও পেছনের ক্যামেরার দৃশ্য ধারণের সুবিধা পাওয়া যাবে। ফলে ভিডিও নির্মাতা নিজের প্রতিক্রিয়ার পাশাপাশি সামনের দৃশ্যও একসঙ্গে রেকর্ড করতে পারবেন।
Phone 4a সিরিজেও আসছে Dual-view Video
Phone 4a সিরিজের ব্যবহারকারীদের জন্যও ক্যামেরায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন ফোনের সামনের ও পেছনের ক্যামেরা একসঙ্গে ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে।
এ ছাড়া Phone 3a ও Phone 4a উভয় সিরিজেই ক্যামেরা অ্যাপের ইন্টারফেস নতুন করে সাজানো হয়েছে। ক্যামেরার নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবহারকারীর প্রতিক্রিয়া এবং অ্যানিমেশনে পরিবর্তন আনা হয়েছে, যাতে ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতা আরও সহজ হয়।
Phone 4a সিরিজের Essential Voice ফিচারেও উন্নতি করা হয়েছে। এর ট্রান্সক্রিপশন বা কথাকে লেখায় রূপান্তরের কাজ এখন আগের তুলনায় দ্রুত হবে এবং বিলম্ব কমবে। Phone 4a Pro মডেলেও বেস Phone 4a-এর জন্য আসা আপডেটের পাশাপাশি অতিরিক্ত কিছু পরিবর্তন যুক্ত হয়েছে।
Nothing OS 5.0-তে আর কী পরিবর্তন থাকছে?
এর আগে Nothing Phone 3 মডেলে অক্টোবরের মাঝামাঝি Nothing OS 5.0 আপডেট দেওয়া শুরু হয়েছিল। নতুন সংস্করণে ফোন কাস্টমাইজ করার আরও সুবিধা, উন্নত Essential AI টুলস, Glyph Interface অ্যাপ এবং Geist নামের নতুন টাইপফেস যুক্ত হয়েছে।
Geist টাইপফেসকে আগের তুলনায় আরও পরিষ্কার ও সহজে পড়ার উপযোগী করা হয়েছে। অন্যদিকে Essential AI-এর Smart Collections ফিচার এখন ব্যবহারকারীর কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো ও প্রয়োজন অনুযায়ী সাজেশন দেওয়ার সুবিধা পাবে বলে জানিয়েছে Nothing।
বাংলাদেশে Nothing ব্যবহারকারীরা কখন পাবেন আপডেট?
Nothing-এর ঘোষণায় Phone 3a ও Phone 4a সিরিজে Nothing OS 5.0 আপডেট চালুর কথা বলা হলেও বাংলাদেশে কোন মডেল ঠিক কবে আপডেট পাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
যেহেতু আপডেটটি ধাপে ধাপে দেওয়া হচ্ছে, তাই বাংলাদেশি ব্যবহারকারীদের ফোনে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। আপডেট এসেছে কি না দেখতে ফোনের Settings থেকে System Update বিভাগে গিয়ে পরীক্ষা করা যেতে পারে।
তবে আপডেট ইনস্টল করার আগে গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ রাখা এবং পর্যাপ্ত ব্যাটারি চার্জ নিশ্চিত করা ভালো।
আশা/
