দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, কারা পাবেন না
নিজস্ব প্রতিবেদক: এবারের শারদীয় দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এর জন্য ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি ঘোষণা করতে হবে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর ছুটি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তাই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ২২ অক্টোবরের ছুটিকে চূড়ান্ত বলা যাচ্ছে না।
কারা টানা পাঁচ দিনের ছুটি পাবেন?
২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি অনুমোদন হলে সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
তবে জরুরি সেবা ও জনস্বার্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হতে পারে।
কারা এই পাঁচ দিনের ছুটি পাবেন না?
এই প্রস্তাবিত পাঁচ দিনের ছুটি সরাসরি বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য নয়। বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব নীতিমালা ও প্রযোজ্য শ্রম আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।
এ ছাড়া স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও তাদের নিজস্ব বা সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী হবে। সরকারি প্রাথমিক ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক ছুটির ক্যালেন্ডার রয়েছে।
অর্থাৎ ২০ থেকে ২৪ অক্টোবরের টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিতভাবে পেতে হলে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটির প্রজ্ঞাপন জারি হতে হবে। মন্ত্রিসভার অনুমোদনের পরই বিষয়টি চূড়ান্ত হবে।
আর ২২ অক্টোবরের ছুটির বিপরীতে পরবর্তী কোনো শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদিবস হিসেবে অফিস করতে হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।
সোহাগ/
