দেশে আবারও কমল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার গহনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হবে। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম কার্যকরের বিষয়টি জানিয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে ২৮ সেপ্টেম্বরও ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
অর্থাৎ, এক দিনের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম আবারও কমানো হলো। নতুন মূল্য অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে সোনার গহনা কেনাবেচা হচ্ছে।
রাকিব/
