| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, চলবে যে রুটে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১০:০৩:৩০
বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, চলবে যে রুটে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ৫২ কিলোমিটার দীর্ঘ নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) উন্নয়ন সহায়তা হিসেবে দেবে ২ হাজার ৮৮০ কোটি টাকা। প্রকল্পটি ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের প্রায় পুরো নেটওয়ার্কেই ডিজেলচালিত ইঞ্জিনে ট্রেন চলাচল করে। সরকারি নথিতে বলা হয়েছে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে জ্বালানি খরচ প্রায় ৪০ শতাংশ কমবে। একই সঙ্গে ট্রেনের গতি বাড়ার পাশাপাশি যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রস্তাবিত রুটটি ঢাকা ও এর দুই পাশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন সংযোগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পুরোনো ডিজেলচালিত ইঞ্জিনের কারণে ট্রেনগুলো কাঙ্ক্ষিত গতিতে চলতে পারে না। যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রিপ পরিচালনাও সম্ভব হচ্ছে না।

এসব সমস্যা দূর করতেই রেলওয়ে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্পটি হাতে নিয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিদিন গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াতকারী হাজারো যাত্রী দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহন সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ‘ওভারহেড ওয়্যার’ বা বিদ্যুৎ সরবরাহের তার স্থাপন করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট দূরত্বে নির্মাণ করা হবে ট্রাকশন সাবস্টেশন।

এ ছাড়া নিরাপদ ও আধুনিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন, বৈদ্যুতিক ইঞ্জিন এবং কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ডিজেলচালিত ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্রেন দ্রুত গতি তুলতে ও কম সময়ে থামতে পারে। ফলে স্টেশনে থামার পর দ্রুত নির্ধারিত গতিতে ফিরতে পারবে ট্রেন। এর ফলে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাতায়াতের সময় অর্ধেকেরও বেশি কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩ হাজার ৯৩ কিলোমিটার রেল নেটওয়ার্কে ডিজেলচালিত ট্রেন পরিচালনা করছে। পরিবহন বিশেষজ্ঞ ও রেলওয়ে কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক রেলব্যবস্থা চালু করতে শুরুতে তুলনামূলক বেশি বিনিয়োগ প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কম হবে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব ও অধিক নির্ভরযোগ্য পরিবহনব্যবস্থা হিসেবে কাজ করবে।

কর্মকর্তাদের হিসাবে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে পরিচালন ব্যয় প্রায় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। পাশাপাশি কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০ শতাংশ কমানোর সুযোগ তৈরি হবে।

দক্ষিণ এশিয়ায় বৈদ্যুতিক রেলব্যবস্থার উদাহরণও রয়েছে। প্রকল্পের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ভারত ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত তাদের ৬৫ হাজার ৩০০ কিলোমিটার ব্রডগেজ রেল নেটওয়ার্কের প্রায় ৯০ শতাংশ, অর্থাৎ ৫৮ হাজার ৮১২ কিলোমিটার রেলপথ বিদ্যুতায়ন করেছে।

বাংলাদেশে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি দেশের রেল যোগাযোগে বিদ্যুতায়নের প্রথম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...