এসএসসি পরীক্ষায় নকল রুখতে কেন্দ্রে বসছে সিসিটিভি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এক ব্যতিক্রমী ও কঠোর উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার পরীক্ষার হলগুলোতে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তির মূল নির্দেশনাসমূহ:
১. সিসিটিভি স্থাপন: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে স্বচ্ছতা ও শান্তি বজায় রাখতে প্রতিটি হলে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে।
২. ফুটেজ প্রেরণ: সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড প্রতি ৭ দিন পরপর নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected] এবং [email protected]) ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
৩. জরুরি বাস্তবায়ন: কেন্দ্র সচিবদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টিকে 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেন এই উদ্যোগ?
শিক্ষা বোর্ড জানিয়েছে, ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার হলের কার্যক্রম পর্যবেক্ষণ করার মাধ্যমে নকল প্রবণতা শূন্যে নামিয়ে আনা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সঠিক প্রমাণ নিশ্চিত করাই এই সিসিটিভি ক্যামেরা স্থাপনের মূল লক্ষ্য। এর ফলে পরীক্ষার্থী এবং পরিদর্শক—উভয় পক্ষই আরও সতর্ক থাকবেন বলে আশা করা হচ্ছে।
সোহাগ/
