মৃত্যুর ২০ বছর পর ফিরে এসে লিখে দিলেন জমি!
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর প্রায় ২০ বছর পর এক ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি লিখে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জে জমি জালিয়াতির এ ঘটনায় আদালতের রায়ে উঠে এসেছে, ১৯৯৪ সালে মারা যাওয়া এক ব্যক্তির নামে ২০১৪ সালে জমি হস্তান্তরের দলিল তৈরি করা হয়েছিল।
গত ২ নভেম্বর সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন দলিলগ্রহীতা মো. বোরহান উদ্দিন তালুকদার এবং দলিল লেখক মো. জুয়েল হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, সিরাজগঞ্জের ৫৪ শতাংশ জমির মালিকানা নিয়ে এ জালিয়াতির ঘটনা ঘটে। জমিটির মূল মালিক কাজী আব্দুল বরকত ওরফে এবিএম সাদ উদ্দিন ১৯৯৪ সালের ২ জুন ঢাকায় মারা যান। অথচ অভিযোগ অনুযায়ী, তার মৃত্যুর প্রায় ২০ বছর পর ২০১৪ সালের ৩ জুলাই ওই জমি বোরহান উদ্দিনের নামে লিখে দেওয়ার একটি দলিল তৈরি করা হয়।
মৃত্যুর পর ওয়ারিশদের কাছে যায় জমির মালিকানা
মামলার তথ্য অনুযায়ী, কাজী আব্দুল বরকতের মৃত্যুর পর তার স্ত্রী হাসিনা সাদ এবং চার ছেলে ওয়ারিশ সূত্রে ৫৪ শতাংশ জমির মালিক হন। পরে ২০০৫ সালের ২৫ জুন তারা জমিটি মো. আসলাম সেখ, মো. আবুল খায়ের সেখ, মো. আ. ছালাম ও মো. আনোয়ারুল হকের কাছে বিক্রি করেন।
একই বছর ওই চার ব্যক্তি জমিটি মালা রানীর কাছে বিক্রি করে দেন। জমি কেনার পর মালা রানী নিজের নামে নামজারি করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ভোগদখলে থাকেন।
এমনকি ২০০৭ সালের ১৬ জুলাই তিনি জমিটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় বন্ধক রেখে ঋণও নেন।
২০১৪ সালের দলিল নিয়ে সন্দেহ
মামলার অভিযোগে বলা হয়, পরবর্তী সময়ে মো. বোরহান উদ্দিন তালুকদার জমিটির মালিকানা দাবি করেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে মালা রানী সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সংশ্লিষ্ট দলিলের জাবেদা নকল সংগ্রহ করেন।
সেখানে দেখা যায়, ২০১৪ সালের ৩ জুলাই কাজী আব্দুল বরকতকে জমির দাতা দেখিয়ে একটি দলিল তৈরি ও নিবন্ধন করা হয়েছে। অথচ তিনি ১৯৯৪ সালের ২ জুন মারা গিয়েছিলেন।
মালার অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে তার স্বাক্ষর জাল করেন এবং তাকে জমির দাতা হিসেবে উপস্থাপন করেন। এ জালিয়াতির কারণে তার প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও মামলায় দাবি করা হয়।
তদন্তে উঠে আসে জাল দলিল তৈরির তথ্য
মামলাটি তদন্ত করেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. নূরুল ইসলাম। তদন্ত শেষে ২০২০ সালের ২৫ অক্টোবর তিনি আদালতে প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, জমিটির মূল মালিক কাজী আব্দুল বরকত ১৯৯৪ সালে মারা যাওয়ার পর তার স্ত্রী ও চার ছেলে ওয়ারিশ হন। ২০০৫ সালে তারা জমিটি বিক্রি করেন এবং পরবর্তী সময়ে মালা রানী ক্রয়সূত্রে মালিকানা পান।
তদন্তে আরও বলা হয়, ২০১৪ সালে তৈরি করা কথিত দলিলে দাতা ও গ্রহীতার ছবি এবং ভোটার পরিচয়পত্রের নম্বর উল্লেখ ছিল না। তদন্তকারীর মতে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দলিলটি তৈরি করা হয়েছিল।
আদালতে মৃত্যুর প্রমাণ উপস্থাপন
২০২২ সালের ২১ আগস্ট চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ চারজন সাক্ষী উপস্থাপন করে।
আদালতে কাজী আব্দুল বরকতের মৃত্যুর পক্ষে বিভিন্ন নথি দাখিল করা হয়। এর মধ্যে ছিল ঢাকা সিটি করপোরেশনের ১৯৯৪ সালের ২২ জুন ইস্যু করা ওয়ারিশান সনদের মূল কপি, মৃত্যু সনদের ফটোকপি এবং আজিমপুর কবরস্থানে দাফনের রসিদের ফটোকপি।
এ ছাড়া কবরস্থানের প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট সমিতির বার্ষিক প্রতিবেদন এবং ১৯৯৪ সালের ৪ জুন প্রকাশিত পত্রিকার একটি ফটোকপিও আদালতে উপস্থাপন করা হয়।
রায়ে আদালত বলেন, এসব নথির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কাজী আব্দুল বরকত ১৯৯৪ সালের ২ জুন মারা যান। ফলে মৃত্যুর প্রায় ২০ বছর পর ২০১৪ সালে তার সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিল সম্পাদনের বিষয়টি বাস্তব ও আইনগতভাবে অসম্ভব।
দুইজনের চার বছর কারাদণ্ড
আদালত দণ্ডবিধির ৪৬৭ ধারায় বোরহান উদ্দিন তালুকদার ও দলিল লেখক জুয়েল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে চার বছর সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, দলিলের সাক্ষী মো. রফিকুল ইসলাম ওরফে ইদুল ওরফে রাকিবুল ইসলাম ও মো. লোকমান হোসেনকে অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. কামাল পারভেজ ও মো. আনিছুর রহমান। আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মু. শওকত আলী সেলিম।
রাকিব/
