স্ত্রীকে চুক্তিতে রাতভর ভাড়া দিলেন মিজান!
নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ওই নারীর কাছ থেকে ২৬টি ইয়াবা বড়ি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তি ও কথিত মধ্যস্থতাকারী এক মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতালসংলগ্ন স্লুইসগেট এলাকার একটি ঝোপ থেকে ওই দম্পতিকে আটক করা হয়। পরে খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তির নাম মিজান। স্থানীয়ভাবে তিনি ‘জাটকি মিজান’ নামে পরিচিত। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম প্রকাশ না করে প্রতিবেদনে রানী বেগম (ছদ্মনাম) হিসেবে উল্লেখ করা হলো।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে মাজেদ নামের এক মোটরসাইকেলচালকের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতালসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় যান মিজান।
অভিযোগ রয়েছে, ওই মোটরসাইকেলচালকের মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের জন্য পাঁচ হাজার টাকার মৌখিক চুক্তি হয়েছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তাঁরা এগিয়ে যান। এ সময় স্বামী-স্ত্রী স্লুইসগেটসংলগ্ন ঝোপের আড়ালে লুকানোর চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি।
পরে স্থানীয়রা তাঁদের আটক করতে সক্ষম হলেও মোটরসাইকেলচালক মাজেদ ও সেখানে উপস্থিত দুই ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক নারীর কাছ থেকে ২৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে আটক দম্পতি মাদকের মালিকানা অস্বীকার করেছেন বলে জানা গেছে।
তাঁদের দাবি, স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক মাজেদ পালিয়ে যাওয়ার সময় ইয়াবাগুলো তাঁদের কাছে রেখে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংসারের অভাব-অনটনের কারণে এমন কর্মকাণ্ডে জড়ানোর কথা বলেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আটক হওয়া স্বামী-স্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া মোটরসাইকেলচালক ও দুই ব্যক্তির বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ বা বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্দিকা/
