ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদন করলেই জমা দিতে হবে যে ফর্ম
নিজস্ব প্রতিবেদক: ভারতে যেতে ভিসার আবেদন করবেন? তাহলে নতুন একটি নিয়ম জেনে রাখা জরুরি। এখন থেকে ভারতীয় ভিসার সব ধরনের আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে। ফর্মটি পূরণ করে স্ক্যান করতে হবে এবং অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফর্ম জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি অ্যাডভাইজরিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
ভারতীয় ভিসার নতুন নিয়মে যা করতে হবে
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. হাইকমিশনের দেওয়া নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করতে হবে।
২. ফর্মে চাওয়া সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৩. পূরণ করা ফর্মটি স্ক্যান করে ডিজিটাল কপি তৈরি করতে হবে।
৪. NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে স্ক্যান করা ফর্মটি আপলোড করতে হবে।
হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফরম্যাটের ফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে সেটি গ্রহণ করা হবে না।
Visa Undertaking Form-এ যেসব তথ্য দিতে হবে
প্রকাশিত এক পাতার অঙ্গীকারনামায় আবেদনকারীর ব্যক্তিগত পরিচয় ও ভারত সফরের উদ্দেশ্য সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
১. ব্যক্তিগত তথ্য: ফর্মের Personal Details অংশে পাঁচটি তথ্য দিতে হবে। এগুলো হলো পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা।
২. ভারত সফরের উদ্দেশ্য: Purpose of Visit অংশে কেন ভারতে যেতে চান, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণ।
৩. সফর শেষে দেশে ফেরার অঙ্গীকার: আবেদনকারীকে ঘোষণা দিতে হবে, সফরের উদ্দেশ্য পূরণ হলে তিনি নিজ দেশে ফিরে আসবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান করবেন না।
৪. ভারতের আইন মেনে চলার অঙ্গীকার: ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে। কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে জড়াবেন না বলেও অঙ্গীকার করতে হবে।
ফর্মে আরও উল্লেখ রয়েছে, আইন লঙ্ঘনের কারণে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কারা স্বাক্ষর করবেন?
ফর্মের শেষ অংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর, স্থান ও তারিখ দিতে হবে। তবে আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে বাবা ও মা উভয়কেই ফর্মে স্বাক্ষর করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।
আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
নতুন নিয়মে আবেদন করার আগে নির্ধারিত অঙ্গীকারনামার সর্বশেষ সংস্করণ ডাউনলোড করা জরুরি। পাসপোর্টের তথ্যের সঙ্গে ফর্মে দেওয়া নাম, নম্বর ও জন্মতারিখ মিলিয়ে নিতে হবে। ভারত সফরের উদ্দেশ্যও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
ফর্ম পূরণে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। তাই অনলাইনে আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা উচিত।
ভারতীয় ভিসার আবেদন ও নির্দেশনা দেখতে সরকারি পোর্টাল ব্যবহার করুন: https://indianvisa-bangladesh.nic.in/
সোহাগ/
