নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজে ছুটি থাকতে পারে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই বিরতি পাচ্ছেন তাঁরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।
কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি?
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে এই ছুটির সুযোগ রয়েছে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত দিবসের ছুটি মিলিয়ে টানা তিন দিনের বিরতি পেতে পারেন।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। তাই সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ছুটি থাকবে, এমনটি নিশ্চিত নয়।
মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কী হবে?
কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে এসব প্রতিষ্ঠানে ৮ নভেম্বর ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও নিজস্ব ছুটির তালিকা দেখে নিশ্চিত হতে হবে।
নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটির সুযোগ থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির নিয়মে পার্থক্য থাকতে পারে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নোটিশ দেখে ছুটি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/
