নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেডভেদে মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত হয়েছে।
তিন ধাপে কার্যকর হবে বাড়তি বেতন
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর হচ্ছে না। বর্ধিত মূল বেতন তিন ধাপে কার্যকর হবে।
প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।
দ্বিতীয় ধাপে ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের জন্য বর্ধিত অংশের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে।
তৃতীয় ধাপে ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ নতুন বেতন কাঠামোর শতভাগ কার্যকর হবে।
২০ গ্রেডে নতুন মূল বেতন
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেডভিত্তিক মূল বেতনের কাঠামো হলো—
১ম গ্রেড: ১ লাখ ৫৬ হাজার টাকা (নির্ধারিত)
২য় গ্রেড: ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা
৩য় গ্রেড: ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা
৪র্থ গ্রেড: ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা
৫ম গ্রেড: ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা
৬ষ্ঠ গ্রেড: ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা
৭ম গ্রেড: ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা
৮ম গ্রেড: ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা
৯ম গ্রেড: ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা
১০ম গ্রেড: ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা
১১তম গ্রেড: ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা
১২তম গ্রেড: ২৪ হাজার ৩০০ থেকে ৫৪ হাজার ৭০০ টাকা
১৩তম গ্রেড: ২৪ হাজার থেকে ৫৬ হাজার টাকা
১৪তম গ্রেড: ২৫ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা
১৫তম গ্রেড: ২২ হাজার ৮০০ থেকে ৫১ হাজার ২০০ টাকা
১৬তম গ্রেড: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা
১৭তম গ্রেড: ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ১০০ টাকা
১৮তম গ্রেড: ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা
১৯তম গ্রেড: ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা
২০তম গ্রেড: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা
বিশেষ মর্যাদার পদে বেতন
প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাড়িভাড়া ভাতায় নতুন কাঠামো
নতুন বেতন কাঠামোর আওতায় কর্মস্থলের অবস্থান ও গ্রেড অনুযায়ী বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের জন্য মূল বেতনের ৬০ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ, ৫ম থেকে ৯ম গ্রেডে ৪৫ শতাংশ এবং ১ম থেকে ৪র্থ গ্রেডে ৪০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য সিটি করপোরেশন, সাভার ও কক্সবাজার পৌর এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৪০ শতাংশ, ৫ম থেকে ৯ম গ্রেডে ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৪র্থ গ্রেডে ৩০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে।
জেলা সদর, উপজেলা ও অন্যান্য এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডে ৪৫ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৩৫ শতাংশ এবং ৫ম থেকে ৯ম গ্রেডে ৩০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে। ১ম থেকে ৪র্থ গ্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট হারও প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয়েছে।
সরকারি বাসায় বসবাসকারীরা বাড়িভাড়া ভাতা পাবেন না। স্বামী-স্ত্রী দুজন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে এবং সরকারি বাসায় বসবাস করলে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বেতন থেকে নির্ধারিত ভাড়া কাটা হবে।
চিকিৎসা ও শিক্ষা সহায়ক ভাতা
নতুন কাঠামোয় বয়স অনুযায়ী চিকিৎসাভাতাও নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত মাসে ৩ হাজার টাকা, ৫০ বছর ১ দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর ১ দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়া হবে।
শিক্ষা সহায়ক ভাতা হিসেবে সন্তানপ্রতি মাসে ৫০০ টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা দেওয়া হবে। সন্তানের বয়স ২৩ বছর হওয়া পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ ভাতা পাওয়া যাবে।
যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতা
সিটি করপোরেশন এলাকায় কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ৬০০ টাকা যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে।
একই গ্রেডের কর্মচারীরা মাসিক ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন। ৫ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য মাসিক ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা নির্ধারণ করা হয়েছে।
পাহাড়ি ও দুর্গম এলাকার ভাতা
পার্বত্য জেলার জেলা সদর ও সদরের উপজেলায় কর্মরত কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা দেওয়া হবে। অন্যান্য উপজেলায় এ ভাতা মূল বেতনের ২০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা।
হাওর, দ্বীপ ও চরসহ নির্ধারিত দুর্গম এলাকায় কর্মরতদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে।
নববর্ষ ভাতা ও অন্যান্য সুবিধা
নতুন কাঠামোয় সব কর্মকর্তা-কর্মচারীর জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে নববর্ষ ভাতা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্ধারিত শর্ত সাপেক্ষে মাসিক সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা কার্যভার ভাতা দেওয়ার বিধান রয়েছে।
আপ্যায়ন ভাতার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাসে ২ হাজার টাকা, সিনিয়র সচিব ও সচিব ১ হাজার টাকা, অতিরিক্ত সচিব ৯০০ টাকা এবং যুগ্মসচিব ও অন্যান্য প্রাধিকারভুক্ত কর্মকর্তারা ৬০০ টাকা পাবেন।
পেনশনেও পরিবর্তন
নতুন প্রজ্ঞাপনে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য নতুন নিট পেনশনের সীমা নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে বিদ্যমান নিট পেনশনের ভিত্তিতে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে।
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেনশনের বর্ধিত অংশও নতুন বেতনের মতো ধাপে ধাপে কার্যকর হবে।
পেনশনভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে প্রজ্ঞাপন জারির তারিখ পর্যন্ত সময়ের প্রাপ্য নিট পেনশনের বকেয়া পাবেন। পেনশন ও গ্র্যাচুইটির বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে।
উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম
পদোন্নতি ছাড়া একই পদে কোনো স্থায়ী কর্মচারী সন্তোষজনকভাবে আট বছর চাকরি পূর্ণ করলে নবম বছরে প্রথম উচ্চতর গ্রেড পাবেন। এরপর আরও ছয় বছর চাকরি পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।
তবে পুরো চাকরিজীবনে কোনো কর্মচারী দুইটির বেশি উচ্চতর গ্রেড পাবেন না।
কারা নতুন পে-স্কেলের আওতায় থাকবেন না
প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিসের সামরিক পদ, পুলিশ বাহিনী, বিজিবি, দৈনিক বা চুক্তিভিত্তিক কর্মী এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মীরা এই বেতন কাঠামোর আওতায় থাকবেন না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- হাসিনার ফেরা নিয়ে অডিও ভাইরাল, যা বললেন ওসি
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
