অসুস্থ প্রবাস ফেরত স্বামীকে গভীর রাতে রাস্তায় ফেলে গেল স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে এক প্রবাসফেরত অসুস্থ ব্যক্তিকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। রাতভর বৃষ্টি ও ঠান্ডার মধ্যে পড়ে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তিনি উদ্ধার হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভুক্তভোগী জামাল উদ্দিন উপজেলার কালমেঘা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে তিনি পৈতৃক ভিটা বিক্রি করে স্ত্রী রিনা আক্তারকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে বসবাস শুরু করেন। পরে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান এবং দীর্ঘ ১২ বছর সেখানে কাজ করেন। প্রায় তিন মাস আগে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।
স্বজনদের দাবি, প্রবাসে থাকাকালে উপার্জিত সব অর্থ স্ত্রীর কাছেই পাঠাতেন জামাল। কিন্তু দেশে ফিরে অসুস্থ হওয়ার পর তার চিকিৎসার দায়িত্ব নিতে স্ত্রী ও সন্তানরা অনীহা দেখান। অভিযোগ রয়েছে, শনিবার গভীর রাতে তাকে কালমেঘা গ্রামের একটি রাস্তার পাশে প্লাস্টিকের বস্তার ওপর রেখে চলে যান তারা। রোববার সকালে স্থানীয়রা দুটি ব্যাগসহ তাকে সেখানে পড়ে থাকতে দেখেন। পরে বৃষ্টি শুরু হলে ভাতিজি ইসমত আরা তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
জামালের ভাই আবদুল জলিল বলেন, বিদেশে উপার্জিত সব অর্থ স্ত্রীর কাছে পাঠিয়েও শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় এমন পরিণতি মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে অভিযুক্ত রিনা আক্তার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কয়েক মাস আগেই জামাল উদ্দিনকে তিনি তালাক দিয়েছেন। তাই বর্তমানে তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। ওই রাতে জামাল কীভাবে সেখানে পৌঁছেছেন, সে বিষয়েও তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
জামালের ছেলে আবু রায়হান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছেন তিনি। বাবা-মায়ের সম্পর্ক ভালো ছিল না। তিনি নিজেও স্বল্প বেতনে একটি পোশাক কারখানায় কাজ করেন। তবে অসুস্থ বাবার সঙ্গে এমন আচরণ হওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন।
উদ্ধারকারী ভাতিজি ইসমত আরা জানান, রাস্তায় অসুস্থ চাচাকে পড়ে থাকতে দেখে মানবিক কারণে তাকে বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছেন।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন বলেন, একজন অসুস্থ মানুষকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া অত্যন্ত অমানবিক। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজন হলে এলাকাবাসীর সহযোগিতায় তার চিকিৎসা ও থাকার ব্যবস্থা করা হবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
