আগস্টে ২-৩টি নিম্নচাপের সম্ভাবনা, বাড়তে পারে বন্যা ও জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক: চলতি আগস্টজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
তবে চলতি মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। যদিও বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
প্রথম সপ্তাহে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা
১ থেকে ৮ আগস্ট পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে টানা বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকতে পারে।
দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা
৯ থেকে ১৬ আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বৃষ্টি
১৭ থেকে ২৪ আগস্ট দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বর্ষণের কারণে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
মাসের শেষেও বৃষ্টির প্রবণতা
২৫ থেকে ৩১ আগস্ট দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এ সময়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
সংস্থাটি আরও জানিয়েছে, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। তবে এই দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাই বাংলাদেশ থেকে দেখা যাবে না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
