পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বাড়ল অর্থ উত্তোলনের সুবিধা
নিজস্ব প্রতিবেদক: একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন গ্রাহকেরা চিকিৎসার পাশাপাশি বিভিন্ন জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু নিজের চিকিৎসা নয়, বাবা-মা, স্বামী বা স্ত্রী, সন্তান এবং ভাই-বোনের চিকিৎসার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি জরুরি পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনেও আমানতের অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।
এই সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আগে শুধু চিকিৎসার বিষয়টি বিবেচনায় থাকলেও গ্রাহকদের বাস্তব প্রয়োজনের কথা মাথায় রেখে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে আমানতকারীরা আরও সহজে নিজেদের অর্থ ব্যবহার করতে পারবেন।
এদিকে পরিচালনা পর্ষদের সভায় আমানতের মুনাফায় হেয়ারকাট (কর্তন) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শরিয়াহভিত্তিক নিয়ম অনুযায়ী আমানতকারীরা তাদের প্রাপ্য সম্পূর্ণ মুনাফা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর প্রশাসক দল প্রত্যাহার করা হতে পারে।
গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকার গত বছর পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়। নতুন একীভূত ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।
এ ছাড়া ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের আওতায় প্রতিটি আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাচ্ছেন। অবশিষ্ট অর্থ বাংলাদেশ ব্যাংক পৃথক কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে পরিশোধ করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজারের বেশি আমানতকারীকে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।
অন্যদিকে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাঁচটি ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে মাত্র ২৪ দশমিক ৫৬ শতাংশ ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত ছিল। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭ দশমিক ৪৩ শতাংশ।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
