নবম পে-স্কেল নিয়ে বড় আপডেট, দ্রুত প্রজ্ঞাপনের ইঙ্গিত অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে এবং এটি কার্যকর করতে অযথা বিলম্ব হবে না।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন।
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা নতুন বেতনকাঠামো বাস্তবায়নের অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চায় এবং রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
তবে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে আইএমএফের ঋণ আলোচনার কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি বলেন, আইএমএফের ঋণ পাওয়া বা না পাওয়ার বিষয়টি নতুন বেতনকাঠামোর ওপর নির্ভর করছে না। সরকারের কাজ এগিয়ে চলছে এবং যথাসময়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
বেতনকাঠামো নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে নানা গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকার আনুষ্ঠানিকভাবেই বিস্তারিত জানাবে।
অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইএমএফ নতুন বেতনকাঠামো বাস্তবায়নে কোনো আপত্তি জানায়নি। সংস্থাটি শুধু জানতে চেয়েছে অতিরিক্ত ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে এবং এ জন্য সরকারকে রাজস্ব আদায় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে।
এর আগে, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদনে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশনের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।
সচিব কমিটির আলোচনায় ধাপে ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের প্রস্তাবও এসেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চলতি অর্থবছরে মূল বেতন বৃদ্ধি এবং পরবর্তী অর্থবছরে বিভিন্ন ভাতা সমন্বয়ের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন কমিটির সদস্যরা।
এদিকে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, দীর্ঘ প্রায় ১১ বছর একই বেতনকাঠামো বহাল থাকায় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন খাতে মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার একটি বড় অংশ নতুন বেতনকাঠামো, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের ব্যয় মেটানোর জন্য সংরক্ষিত রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে নতুন দর কত
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গুনাহ হয়? ইসলাম কী বলে
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জে এবার পুরো খাতা পুনর্মূল্যায়ন
