প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে সরকার। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছে হাইকোর্ট। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য প্রধান শিক্ষক পদগুলো এখন পদোন্নতির মাধ্যমে পূরণের পথ সুগম হয়েছে।
তিনি জানান, আগের নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। তবে নতুন নিয়োগ বিধিমালায় এই হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, নতুন নিয়োগ বিধিমালা কার্যকর হলেও হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে এতদিন পদোন্নতির কার্যক্রম স্থগিত ছিল। মামলার নিষ্পত্তি হওয়ায় এখন নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।
এর ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুতই পদোন্নতির প্রক্রিয়া শুরু হলে দেশের বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সিদ্দিকা/
