এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য অতিরিক্ত ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অর্থের হিসাব বিবরণী তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে অনুমোদনের জন্য ফাইল তোলা হলেও এখনো তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ঢাকার বাইরে থাকায় ফাইলটির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ফাইল অনুমোদন হলে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
মাদরাসার শিক্ষকদের ক্ষেত্রেও অনিশ্চয়তা
বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনতে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকার হিসাব বিবরণী পাঠানো হয়েছে। তবে তাঁদের নতুন পে স্কেলে বেতন পাওয়ার বিষয়টিও এখনো নিশ্চিত নয়।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এমপিওভুক্ত জনবলকে নতুন পে স্কেলের আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।
বিভাগটির যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থের হিসাব পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের হিসাব এখনো পাওয়া যায়নি। দুই খাতের হিসাব একসঙ্গে অর্থ বিভাগে পাঠানো হবে।
অর্থ বিভাগের গেজেট না হলে কী হবে?
মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে কোনো চিঠি পাঠানো হবে না।
ফলে নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কবে থেকে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন, অর্থ বিভাগের গেজেট এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পুরো প্রক্রিয়া।
অর্থাৎ অতিরিক্ত অর্থের হিসাব তৈরি ও পাঠানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন পাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
সোহাগ/
