বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ জুলাই) ভোরে সৃষ্ট এ ভূমিকম্পের কম্পন ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিশাখাপত্তনম শহরের গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। এছাড়া আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন স্থান থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর এসেছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ছিল একটি অগভীর ও মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূ-গঠনের স্বাভাবিক পরিবর্তনের কারণেই এমন কম্পন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তারা জানিয়েছেন।
এর আগে গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আলুরি সীতারামা রাজু জেলায় এবং ২০১৫ সালের ৪ নভেম্বর উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশে আরও কয়েকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে সেসব ঘটনাতেও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সর্বশেষ ভূমিকম্পেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি পর্যবেক্ষণে রেখেছে।
সোহাগ/
