সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক বক্তব্য!
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশ সংশ্লিষ্ট একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মমতা দাবি করেন, বাংলাদেশে আলোচিত এক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজন সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর তাকে আটক করা হয়।
মমতা বলেন, এ ঘটনার বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে দেশের স্বার্থ এবং প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনায় তিনি এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না বলেও উল্লেখ করেন। তার দাবি, বিষয়টি প্রকাশ পেলে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, অতীতে সংঘটিত কিছু ঘটনার পেছনে কারা জড়িত ছিল এবং কাদের নাম সামনে এসেছিল, সে বিষয়ে তিনি অবগত আছেন। তবে এ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।
একই অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন মমতা। দলীয় সংকট, রাজনৈতিক চাপ এবং বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি এবং দল ছাড়ার প্রশ্নই ওঠে না।
এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে বিভক্ত না হয়ে আদর্শ ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মমতার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার নাম প্রকাশ করেননি, তাই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টতা তৈরি হয়নি।
সোহাগ/
