টুঙ্গিপাড়ায় সাব-জেল করে শেখ হাসিনাকে ফেরাতে সাত প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাত দফা আইনি ও প্রশাসনিক প্রস্তাব তুলে ধরা হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ, পুলিশের বিশেষ দলের মাধ্যমে হেফাজতে নেওয়া এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ কারাগার বা ‘সাব-জেল’ ঘোষণা করা।
এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। বুধবার (১৮ নভেম্বর) রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাঁর নিরাপত্তা, রাষ্ট্রীয় গোপনীয়তা এবং দেশে ফেরার পর আইনি প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। তবে এগুলো আইনজীবীর দেওয়া প্রস্তাব। এখন পর্যন্ত এগুলো সরকারের সিদ্ধান্ত বা আদালতের নির্দেশ নয়।
কেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগের প্রস্তাব
আইনি নোটিশে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন আইনজীবী মাহমুদুল হাসান মামুন।
নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য রয়েছে। ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের আশঙ্কা তৈরি হতে পারে বলে নোটিশে যুক্তি দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বা সামরিক উত্তেজনা এড়ানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। নিজের যুক্তির পক্ষে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিদেশে অবস্থানের উদাহরণ তুলে ধরেছেন নোটিশদাতা।
শেখ হাসিনাকে ফেরাতে সাত দফা প্রস্তাবে যা রয়েছে
আইনি নোটিশে কূটনৈতিক যোগাযোগ থেকে শুরু করে দেশে ফেরার পর কারা হেফাজত এবং বিচারিক কার্যক্রম পরিচালনা পর্যন্ত সাতটি পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলো হলো:
১. ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠানো: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
২. বাংলাদেশ হাইকমিশনে আত্মসমর্পণের ব্যবস্থা: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের আলোকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
৩. পুলিশের বিশেষ দলের মাধ্যমে হেফাজতে নেওয়া: হাইকমিশনে পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব রয়েছে।
৪. ট্রাভেল পাস ও দেশে ফেরার ব্যবস্থা: নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস ইস্যু করে পুলিশের পাহারায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
৫. টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল ঘোষণা: শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৬. হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় স্থানান্তর: দেশে ফেরার পর বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাঁকে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
৭. আপিল ও বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার: আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের সুযোগ বিবেচনার কথা বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য আদালতে বিচারাধীন মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণে ভার্চুয়াল পদ্ধতি ব্যবহারের প্রস্তাব রয়েছে।
টুঙ্গিপাড়ার বাড়িকে কেন সাব-জেল করার প্রস্তাব
নোটিশের সবচেয়ে আলোচিত দিক হলো শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ কারাগার হিসেবে ব্যবহারের প্রস্তাব।
আইনজীবীর প্রস্তাব অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফেরার আগেই প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন জারি করে বাড়িটিকে সাব-জেল ঘোষণা করতে হবে। এরপর বিমানবন্দরে অবতরণের পর পুলিশের হেলিকপ্টারে তাঁকে সেখানে নেওয়া যেতে পারে।
নোটিশে এই ব্যবস্থার পেছনে নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল ঘোষণা করা হবে কি না, তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ওপর।
কোন কোন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে নোটিশ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ছয়জন দায়িত্বশীল কর্মকর্তাকে নোটিশের বিবাদী করা হয়েছে। তাঁরা হলেন:
১. মন্ত্রিপরিষদ সচিব।
২. পররাষ্ট্র সচিব।
৩. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব।
৪. আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
৫. পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
৬. নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে কি?
আইনি নোটিশ পাঠানো মানেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এমন নয়। নোটিশে দেওয়া প্রস্তাব বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিশেষ করে ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনা, হাইকমিশনে আত্মসমর্পণ, পুলিশের হেফাজতে নেওয়া এবং টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল ঘোষণা করার প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রেই আইনগত ও প্রশাসনিক বিষয় বিবেচনার প্রয়োজন রয়েছে।
ফলে আইনজীবীর সাত দফা প্রস্তাবের পর সরকার কী পদক্ষেপ নেয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।
সোহাগ/
