যে ৫ কারণে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কঠিন
বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সহজ হবে না বলে মনে করছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা, মৃত্যুদণ্ডের রায়, ভারতের অবস্থান এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সব মিলিয়ে তাঁর প্রত্যাবর্তনের পথ কঠিন বলে বিশ্লেষণ করেছে সংবাদমাধ্যমটি।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর দেশে ফেরার সম্ভাব্য পথ, পাসপোর্টের আবেদন এবং ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি এখন আলোচনার কেন্দ্রে।
এনডিটিভির বিশ্লেষণে শেখ হাসিনার প্রত্যাবর্তন কঠিন হওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি বিষয় হলো:
১. ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা
শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম প্রধান অবস্থান হলো ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করা। তবে এই প্রক্রিয়ায় বেশ কিছু আইনি প্রশ্ন রয়েছে বলে মনে করছে এনডিটিভি।
চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণের অনুরোধ করা অপরাধটি দুই দেশের আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে এবং নির্দিষ্ট শাস্তিযোগ্যতার শর্ত পূরণ করতে হবে। একে বলা হয় ‘দ্বৈত অপরাধযোগ্যতা’।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ভারতের আইনে অপরাধটির সংজ্ঞা ও প্রয়োগের বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি প্রশ্ন তৈরি করতে পারে।
এ ছাড়া চুক্তিতে রাজনৈতিক অপরাধ এবং ন্যায়বিচারসংক্রান্ত কিছু পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশের অনুরোধ এলেই ভারত তাঁকে হস্তান্তর করবে, এমন নিশ্চয়তা নেই।
২. অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায়
শেখ হাসিনার দেশে ফেরার পথে বড় বাধা হিসেবে উঠে এসেছে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয় এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এনডিটিভির বিশ্লেষণ অনুযায়ী, অনুপস্থিতিতে বিচার এবং দণ্ডের ধরন প্রত্যর্পণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হতে পারে। ভারতের পক্ষ থেকে বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা ও অন্যান্য আইনি বিষয় পর্যালোচনার প্রয়োজন দেখা দিতে পারে।
প্রত্যর্পণ চুক্তিতেও যদি কোনো বিচারপ্রক্রিয়াকে সদিচ্ছাপ্রণোদিত নয়, তুচ্ছ অভিযোগনির্ভর বা ন্যায়বিচারের পরিপন্থী বলে মনে হয়, তাহলে অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৩. বাংলাদেশে নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কা
শেখ হাসিনার নিরাপত্তা পরিস্থিতিও তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে মনে করছে এনডিটিভি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সহিংসতার একাধিক ঘটনা রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সে সময় দেশের বাইরে থাকায় শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। পরে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সামরিক কর্মকর্তাদের বিদ্রোহের ঘটনায় নিহত হন।
এনডিটিভির বিশ্লেষণে বাংলাদেশের অতীত রাজনৈতিক সহিংসতার এসব ঘটনা তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রত্যর্পণ আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে দেশে তাঁর নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও বাস্তব পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।
৪. পাসপোর্ট ও ট্রাভেল পাস নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশে ফিরতে হলে শেখ হাসিনার জন্য পাসপোর্ট অথবা ট্রাভেল পাসের প্রয়োজন হতে পারে। রয়টার্সের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করার একটি তথ্য সামনে এসেছে। তবে আবেদনটি শেখ হাসিনা নিজে করেছেন কি না, তা নিশ্চিত নয়।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না। তিনি আবেদনসংক্রান্ত ঘটনাকে রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন।
ফলে পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার বিষয়টিও তাঁর দেশে ফেরার পথে একটি বড় অনিশ্চয়তা তৈরি করেছে।
৫. ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক হিসাব
শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ভারত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা এখনো অনিশ্চিত।
এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে ভারত ও বাংলাদেশের মধ্যে আইনি ও কূটনৈতিক আলোচনা প্রয়োজন হতে পারে। একই সঙ্গে বিষয়টি যেন দুই দেশের সামগ্রিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে, সেটিও উভয় পক্ষের বিবেচনায় থাকতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব শেখ হাসিনার বিষয়ে নমনীয় অবস্থান দেখাতে চায় না। আবার তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হোক, সেটিও সরকারের জন্য বিবেচনার বিষয়।
এনডিটিভির প্রতিবেদনে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অতীতে দেশে ফেরার ঘটনাও তুলনা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফেরার সময় তারেক রহমান ট্রাভেল পাস ব্যবহার করেছিলেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের পর দেশে ফেরার পথ সহজ হয়।
তবে শেখ হাসিনার পরিস্থিতি আলাদা। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় রয়েছে এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ কারণে দুই নেতার দেশে ফেরার আইনি ও রাজনৈতিক পরিস্থিতিকে এক করে দেখার সুযোগ নেই।
এনডিটিভির মূল্যায়ন হলো, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অত্যন্ত জটিল। প্রত্যর্পণ চুক্তির শর্ত, বিচারপ্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন, নিরাপত্তা পরিস্থিতি, পাসপোর্টসংক্রান্ত অনিশ্চয়তা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক হিসাব, সবকিছুই তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তবে শেষ পর্যন্ত কী হবে, তা নির্ভর করবে দুই দেশের সরকারের সিদ্ধান্ত, প্রত্যর্পণসংক্রান্ত আইনি প্রক্রিয়া এবং কূটনৈতিক আলোচনার ওপর। তাই শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেয়ে বলা যায়, বর্তমান বাস্তবতায় তাঁর প্রত্যাবর্তনের পথ বেশ কঠিন ও অনিশ্চিত।
সোহাগ/
