হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহামুদের
নিজস্ব প্রতিবেদক: বিদেশে নিজের কোনো বিনিয়োগ বা সম্পদ থাকার অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিদেশে তিনি এক টাকাও বিনিয়োগ করেছেন বা দেশের বাইরে সামান্য পরিমাণ জমি বা সম্পদ কিনেছেন—এমন প্রমাণ কেউ দিতে পারলে সেদিনই তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তিনি বলেন, বিদেশে কোথাও তার এক টাকাও পাওয়া গেলে তিনি রাজনীতি ছাড়তে প্রস্তুত। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।
দুদকের তদন্ত নিয়ে যা বললেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের বিষয়েও কথা বলেন আসিফ মাহমুদ।
তার দাবি, এসব অভিযোগের ভিত্তিতে দুদক চার সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে এবং সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে।
বিদেশে অর্থ পাচারের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে দুবাইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের যে অভিযোগ উঠেছে, সেসব অঙ্ক ‘আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজের ১১ ফেব্রুয়ারির পোস্টের তথ্যের সঙ্গে মিলে যায়।
তিনি ওই পেজটিকে আওয়ামী লীগের ‘প্রচারপেজ’ বলে দাবি করেন। পাশাপাশি অভিযোগগুলোর উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা
একটি মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বাড়ানোর অভিযোগও প্রত্যাখ্যান করেন এনসিপির এই নেতা।
আসিফ মাহমুদের ভাষ্য, প্রকল্পটির শুরুতে প্রায় ১৫০টি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল। পরে তা প্রায় সব উপজেলায় সম্প্রসারণ করা হয়। এর সঙ্গে জমি অধিগ্রহণ, প্যাভিলিয়ন, দর্শকদের বসার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে।
তিনি বলেন, সংশোধিত প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের সময় একনেকের অনুমোদন পেয়েছে এবং বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে সেটি বন্ধ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।
‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগ
সরকারের দায়িত্বে থাকার সময় তার কিছু কর্মকাণ্ডে কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা অসন্তুষ্ট ছিলেন বলেও দাবি করেন আসিফ মাহমুদ। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমান তদন্ত করা হচ্ছে।
তবে যেসব নেতার কথা তিনি বলেছেন, তাদের নাম বা নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।
‘মিডিয়া ট্রায়ারের’ সমালোচনা
দুদকের তদন্ত শেষ হওয়ার আগেই বিভিন্ন অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের কিছু অংশের সমালোচনা করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, গণমাধ্যমে একতরফাভাবে অভিযোগ তুলে ধরার কারণে তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন। তার দাবি, দুদকের তদন্তে হয়তো কয়েক মাস বা কয়েক বছর পর তিনি নির্দোষ প্রমাণিত হতে পারেন। তবে ততদিনে তার যে ক্ষতি হওয়ার, তা হয়ে যাবে।
পরিবারের সদস্যদের নিয়েও অভিযোগ প্রত্যাখ্যান
তার দুই বোনজামাই ও এক ভাগ্নে অর্থ পাচারের সঙ্গে জড়িত—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন আসিফ মাহমুদ।
তিনি দাবি করেন, তার মাত্র একজন বোনজামাই রয়েছেন এবং তার ভাগ্নের বয়স প্রায় আড়াই থেকে তিন বছর। অর্থ পাচারের অভিযোগের সঙ্গে একটি শিশুকে জড়ানোর সমালোচনাও করেন তিনি।
অভিযোগ যাচাইয়ের আহ্বান
সবশেষে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য শোনার আহ্বান জানান এনসিপির মুখপাত্র।
আসিফ মাহমুদ বলেন, শুধু ক্লিকবেইট শিরোনাম দেখে কোনো বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করা উচিত।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট তদন্ত ও আইনগত প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষা করতে হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
