তারেক রহমানের ভারত সফর নিয়ে হঠাৎ বিবৃতি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে প্রকাশ করা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিটি প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবারের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
তবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখনো বাংলাদেশ বা ভারত কোনো পক্ষই আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এ অবস্থায় বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি দপ্তর নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে আগের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের কথা জানায়।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে অগ্রগতি প্রয়োজন।
ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য বিশেষ আয়োজন করা হয়ে থাকে। এর অংশ হিসেবে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
সাধারণত এ ধরনের আনুষ্ঠানিক অভ্যর্থনার আগে পূর্ণাঙ্গ মহড়ার আয়োজন করা হয়। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের মহড়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরে তা প্রত্যাহার করায় বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত তারেক রহমানের নয়াদিল্লি সফরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তাই রাষ্ট্রপতি ভবনের প্রত্যাহার করা বিজ্ঞপ্তিকে সফর চূড়ান্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।
সোহাগ/
